shono
Advertisement
MS Dhoni

আইপিএলের মাঝেই সিএসকে তারকার মায়ের মৃত্যু, সতীর্থর পাশে দাঁড়ালেন ধোনি

কঠিন সময়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন সিএসকে'র প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিয়মিত যোগাযোগ রেখে সিএসকে পেসারকে মানসিকভাবে সমর্থন জুগিয়েছেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 02:34 PM Apr 23, 2026Updated: 03:21 PM Apr 23, 2026

চেন্নাই সুপার কিংস পেসার মুকেশ চৌধুরীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ এক বছর অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা প্রেম দেবী। কঠিন এই সময়ে সতীর্থর পাশে দাঁড়িয়ে নেটিজেনদের মন জিতলেন মহেন্দ্র সিং ধোনি।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ শেষ হতেই রাজস্থানের ভিলওয়ারায় নিজের বাড়িতে ছুটে যান মুকেশ। সেখানেই দাদা ডা. রাজেশ চৌধুরীর সঙ্গে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন তিনি। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন এই তরুণ পেসার। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি দলে যোগ দিয়েছেন বলে খবর। যদিও অন্য সূত্রে জানা গিয়েছে, পারিবারিক শোক কাটিয়ে উঠতে কিছুদিনের বিরতি নিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে ফিরতে পারেন তিনি।

এদিকে কঠিন সময়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন সিএসকে'র প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিয়মিত যোগাযোগ রেখে মুকেশকে মানসিকভাবে সমর্থন জুগিয়েছেন তিনি। এমনকী হাসপাতালে গিয়ে সিএসকে পেসারের মায়ের খোঁজও নিয়েছেন। থালার এই ভূমিকায় আপ্লুত নেটিজেনরা। একজন লিখেছেন, 'ধোনির মতো নেতাই আসল ভরসা, কঠিন সময়ে যিনি পাশে থাকেন। মুকেশ ও তাঁর পরিবারের জন্য সমবেদনা রইল।' আরেকজন লেখেন, 'মুকেশ, শক্ত থাকো। মায়ের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে।'

তবে এত সবের মাঝেও প্রশ্ন, মহেন্দ্র সিং ধোনি কি আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলছেন? বিখ্যাত ‘নাম্বার সেভেন’-কে মাঠে আজ নামতে দেখা যাবে? ফর্মে থাকা আয়ুষ মাত্রে চোটের কারণে ছিটকে যাওয়ার পর পুরোদমে অনুশীলন শুরু করেছেন ধোনি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে কাফ মাসেলে চোট পাওয়ায় এখনও পর্যন্ত মাঠে নামা হয়নি তাঁর। যদিও অনুশীলনে ধীরে ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত মিলছে। অনুশীলনে কিপিং গ্লাভসও তুলে নিতে দেখা গিয়েছে তাঁকে। বোলিং কোচ এরিক সিমন্স জানিয়েছেন, ধোনির মাঠে নামা নির্ভর করছে তাঁর শারীরিক প্রস্তুতি ও মেডিক্যাল টিমের সম্মতির উপর। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুতই মাঠে ফিরতে পারেন তিনি। তার আগে ধোনি যেভাবে চেন্নাই পেসারের পাশে দাঁড়ালেন, তাতে আবেগে ভাসছে ক্রিকেটমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement