shono
Advertisement
Ayush Mhatre

আইপিএলের মাঝেই ধুঁকতে থাকা চেন্নাই শিবিরে বড় ধাক্কা, এবার ছিটকে গেলেন ফর্মে থাকা ব্যাটার

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এই তরুণ ব্যাটার। মঙ্গলবার সিএসকে'র তরফে এক বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার কথা জানানো হয়। 
Published By: Prasenjit DuttaPosted: 03:58 PM Apr 21, 2026Updated: 05:41 PM Apr 21, 2026

আইপিএলের (IPL 2026) মাঝপথে বিরাট ধাক্কা চেন্নাই সুপার কিংস (CSK) শিবিরে। গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ১৮ বছরের এই তরুণ ব্যাটার। মঙ্গলবার সিএসকে'র তরফে এক বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার কথা জানানো হয়। 

Advertisement

এবারের আইপিএলে ভালো ফর্মে ছিলেন আয়ুষ। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসাবে তিন নম্বরে ব্যাট করতে নামায় সিএসকে। সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়, অধিনায়ক ঈশান কিষান কেউ রান পাননি। এই পরিস্থিতিতে ভঙ্গুর চেন্নাই ব্যাটিংকে পথ দেখান আয়ুষ। যতক্ষণ ব্যাট করেছেন, ততক্ষণ প্রয়োজনীয় রান রেট নিয়ন্ত্রণের মধ্যে ছিল। ১৩ বলে ৩০ রান করে যান অনূর্ধ্ব-১৯ দলে বৈভব সূর্যবংশীর অধিনায়ক। চোটে কাবু হয়েছিলেন। তারপর দুরন্ত ক্যাচে তাঁকে ফেরান হেনরিক ক্লাসেন।

ঝোড়ো ইনিংস খেললেও চিন্তা বাড়ান এই তরুণ ব্যাটার। দৌড়ে দ্বিতীয় রান নেওয়ার সময় তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে। এরপর ফিজিওর কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ব্যাট করতে নামলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। তাঁর নড়াচড়াতেই অস্বস্তির ছাপ স্পষ্ট ধরা পড়ছিল। তখনই বোঝা গিয়েছিল, বড়সড় চোট পেয়েছেন। আর শেষ পর্যন্ত আয়ুষ ছিটকেই গেলেন। চেন্নাই সুপার কিংসের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়, 'গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে আয়ুষ মাত্রে আইপিএল বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন। আয়ুষের এই চোট সারিয়ে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহের রিহ্যাবের প্রয়োজন হবে। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করি।'

চোটের কারণে আগেই সিএসকে দল থেকে ছিটকে গিয়েছেন খলিল আহমেদ। এমএস ধোনি কবে ফিরবেন, তা এখনও কেউ জানেন না। এবার ফর্মে থাকা আয়ুষের চোটে বিশাল ধাক্কা খেল সিএসকে। উল্লেখ্য, চলতি আইপিএলে ছয় ম্যাচে ২০১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট আকর্ষণীয়। ১৭৭.৮৭। চেন্নাইয়ের হয়ে এই মরশুমে সর্বোচ্চ রানও আয়ুষের নামে। এই মুহূর্তে ৬ ম্যাচে মাত্র দু'টি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে সিএসকে। তাদের পরবর্তী ম্যাচ ২৩ এপ্রিল, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তার আগে আয়ুষের মতো প্রতিভা ছিটকে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ল চেন্নাইয়ের। এখন দেখার, তাঁর জায়গায় কাকে সুযোগ দেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement