শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নজর এবার আইপিএলে। বিশ্বের সবথেকে বড় টি-টোয়েন্টি লিগের প্রথম পর্বের সূচি ঘোষণা হয়ে গেল বুধবার। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত কোন কোন খেলা হবে, তা জানা গিয়েছে। প্রত্যাশামতোই ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে ম্যাচটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে। কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে ২৯ মার্চ।
কেকেআরের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তবে প্রথম ম্যাচটি বিপক্ষের ঘরের মাঠ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে হবে ক্যামেরন গ্রিনদের। এরপর ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। এরপরের দু'টি ম্যাচও ঘরের মাঠ খেলবে অজিঙ্কা রাহানের দল। ম্যাচগুলি রয়েছে যথাক্রমে ৬ এপ্রিল এবং ৯ এপ্রিল। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টস।
পাঁচবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ৩০ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। গত মরশুমের ফাইনালিস্ট পাঞ্জাব কিংস প্রথম ম্যাচ খেলবে মুলানপুরে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ ৩১ মার্চ। মঙ্গলবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, ১২ মার্চের মধ্যেই আইপিএল সূচি ঘোষণা করা হবে। সেই মতোই ১১ মার্চ প্রথম পর্বের সূচি ঘোষণা হয়ে গেল। সব মিলিয়ে ২০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে।
টুর্নামেন্টের বাকি সূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। অনুমান, বাকি সূচি ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট দেখে। মার্চ থেকে মে মাসের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে ভোট। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা নাইট রাইডার্স ও তামিলনাড়ু থেকে চেন্নাই সুপার কিংস আইপিএলে খেলবে। এছাড়া অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস, কেকেআর অতীতে ম্যাচ খেলেছে। সমস্যা হল, পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
উল্লেখ্য, বোর্ড সচিব জানিয়ে দিয়েছেন, এবারের আইপিএলের দু'টি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল হবে বেঙ্গালুরুতে। গত বারের চ্যাম্পিয়ন আরসিবি'র চারটি হোম ম্যাচও হবে চিন্নাস্বামীতেও।
আইপিএল ২০২৬
উদ্বোধনী ম্যাচ
২৮ মার্চ আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ শনিবার, বেঙ্গালুরু
কলকাতা নাইট রাইডার্স
২৯ মার্চ বনাম মুম্বই ইন্ডিয়ান্স রবিবার মুম্বই
২ এপ্রিল বনাম সানরাইজার্স হায়দরাবাদ বৃহস্পতিবার কলকাতা
৬ এপ্রিল বনাম পাঞ্জাব কিংস সোমবার কলকাতা
৯ এপ্রিল বনাম লখনউ সুপার জায়ান্টস বৃহস্পতিবার কলকাতা
* ১২ এপ্রিল পর্যন্ত ঘোষিত সূচি
আইপিএলের প্রথম পর্বের সূচি
২৮ মার্চ: বেঙ্গালুরু-হায়দরাবাদ (বেঙ্গালুরু)।
২৯ মার্চ: মুম্বই-কলকাতা (মুম্বই)।
৩০ মার্চ: রাজস্থান-চেন্নাই (গুয়াহাটি)।
৩১ মার্চ: পঞ্জাব-গুজরাট (মুলানপুর)।
১ এপ্রিল: লখনউ-দিল্লি (লখনউ)।
২ এপ্রিল: কলকাতা-হায়দরাবাদ (কলকাতা)।
৩ এপ্রিল: চেন্নাই-পঞ্জাব (চেন্নাই)।
৪ এপ্রিল: দিল্লি-মুম্বই (দিল্লি), গুজরাত-রাজস্থান (আহমেদাবাদ)।
৫ এপ্রিল: হায়দরাবাদ-লখনউ (হায়দরাবাদ), বেঙ্গালুরু-চেন্নাই (বেঙ্গালুরু)।
৬ এপ্রিল: কলকাতা-পঞ্জাব (কলকাতা)।
৭ এপ্রিল: রাজস্থান-মুম্বই (গুয়াহাটি)।
৮ এপ্রিল: দিল্লি-গুজরাট (দিল্লি)।
৯ এপ্রিল: কলকাতা-লখনউ (কলকাতা)।
১০ এপ্রিল: রাজস্থান-বেঙ্গালুরু (গুয়াহাটি)।
১১ এপ্রিল: পঞ্জাব-হায়দরাবাদ (মুলানপুর), চেন্নাই-দিল্লি (চেন্নাই)।
১২ এপ্রিল: লখনউ-গুজরাট (লখনউ), মুম্বই-বেঙ্গালুরু (মুম্বই)।
