shono
Advertisement
Lungi Ngidi

দিল্লি শিবিরে স্বস্তি! হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সমর্থকদের বার্তা লুঙ্গি এনগিডির

মাথা ও ঘাড়ে আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকান পেসারকে মাঠ থেকে সটান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন কেমন আছেন প্রোটিয়া পেসার?
Published By: Prasenjit DuttaPosted: 05:20 PM Apr 26, 2026Updated: 05:22 PM Apr 26, 2026

শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে মাথায় বিশ্রী চোট পেয়েছিলেন লুঙ্গি এনগিডি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে। মাথা ও ঘাড়ে আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকান পেসারকে মাঠ থেকে সটান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন কেমন আছেন প্রোটিয়া পেসার? চোটের পর নিজেই মুখ খুলেছেন তিনি। 

Advertisement

হাসপাতালে নিয়ে যাওয়ার পর চোটের পরিস্থিতি খতিয়ে দেখতে স্ক্যান হয় তাঁর। রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, মেরুদণ্ডে গুরুতর চোট লাগেনি তাঁর। ভক্তদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ আছেন। চোটের ঘটনার পর ইনস্টাগ্রামে এনগিডি লেখেন, 'এত মেসেজের জন্য ধন্যবাদ। আমি এখন ভালো আছি।' তাঁর এই বার্তা প্রকাশ্যে আসতেই স্বস্তি ফিরে আসে সমর্থকদের মধ্যে।

শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির দেওয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। রানের গতিতে লাগাম পরাতে তৃতীয় ওভারে বল করতে আসেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। সেই ওভারের তৃতীয় বলেই লোপ্পা ক্যাচ তোলেন প্রিয়াংশ। তবে মিড অফে পৌঁছে ক্যাচ নেওয়াটা লুঙ্গির পক্ষে বেশ কঠিন ছিল। তা সত্ত্বেও ক্যাচ লুফতে পিছনের দিকে দৌড়তে শুরু করেন প্রোটিয়া পেসার। বল তাঁর নাগালের বাইরে চলে যায় এবং মাঠে পড়ে যান লুঙ্গি।

যন্ত্রণায় কাতরাতে শুরু করেন তিনি। শুয়ে পড়েন মাঠে। সঙ্গে সঙ্গে ফিজিও-সহ দলের সাপোর্ট স্টাফরা ছুটে যান। কিন্তু কারওর ডাকেই সাড়া দেননি তারকা পেসার। প্রায় ১৫ মিনিট ধরে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা চলে। লাভ হয়নি কোনও। শেষ পর্যন্ত মাঠে অ্যাম্বুল্যান্স আনা হয়। বিএলএক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় লুঙ্গিকে। পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

চোটে কাবু প্রোটিয়া পেসার। ফাইল ছবি।

দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার এবং চেয়ারম্যান কিরণ কুমার গান্ধী নিজে হাসপাতালে গিয়ে এনগিডির শারীরিক অবস্থার খোঁজ নেন। চোটের আশঙ্কা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ প্রোটিয়া পেসার। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইতিমধ্যেই তিনি দিল্লি ক্যাপিটালসের টিম হোটেলে ফিরে গিয়েছেন। টিম হোটেলে ফেরা নিঃসন্দেহে ইতিবাচক লক্ষণ বলেই মনে করা হচ্ছে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে দ্রুত সুস্থতার দিকেই এগোচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। তবে কোনও ঝুঁকি না নিয়ে দলের চিকিৎসক ও মেডিক্যাল টিম তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখছেন। উল্লেখ্য, চলতি মরশুমে সাত ম্যাচে ৭ উইকেট পেয়েছেন লুঙ্গি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement