টানা দুই জয়ে আশা জেগেছিল। তবে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে পয়েন্ট টেবিলে আট নম্বরে নেমে গিয়েছে চেন্নাই সুপার কিংস। এরপর তারা পেয়েছে, ফর্মে থাকা আয়ুষ মাত্রের ছিটকে যাওয়ার খবর। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, সিএসকে'র হাল ফেরাতে পারেন একজনই। মহেন্দ্র সিং ধোনি। আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে সফলতম দুই দলের হাইভোল্টেজ লড়াই। এই ম্যাচের আগে চেন্নাই শিবিরে ফিরেছে স্বস্তি। পুরোদমে অনুশীলন শুরু করেছেন মাহি।
সেই কারণেই ধোনিকে ঘিরে আবারও আশার আলো জ্বলে উঠেছে চেন্নাই শিবিরে। সমর্থকরাও আশাবাদী, ভারতের প্রাক্তন অধিনায়ক এবার দলে ফিরবেন। এতদিন নেটে ব্যাটিং করলেও উইকেটরক্ষক হিসাবে অনুশীলনে তাঁকে দেখা যাচ্ছিল না। তবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে পরিস্থিতির বদল ঘটেছে। ফের উইকেটরক্ষকের দস্তানা পরে অনুশীলনে নামেন ধোনি। মঙ্গলবার সতীর্থদের সঙ্গে তিনি পুরোদমে অনুশীলন করেন এবং দীর্ঘক্ষণ উইকেটকিপিংও করেন।
ধোনির অনুশীলনের সেই মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছে চেন্নাই সুপার কিংস শিবির। তাতেই থালাকে নিয়ে নতুন করে আশার আলো সঞ্চার ঘটেছে। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুতই মাঠে ফিরতে পারেন তিনি, এমনটাই ইঙ্গিত মিলছে। ধোনির এই প্রত্যাবর্তনের প্রস্তুতি রুতুরাজ গায়কোয়াড়ের দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন সমর্থকেরা।
যদিও প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন মুম্বই ম্যাচে খেলবেন ধোনি। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “আমি জীবনে কখনও ধোনিকে নেটে উইকেটকিপিং করতে দেখিনি। আজ ও কিপিং অনুশীলন করল। যার ও উইকেটকিপিং গ্লাভস পরবেন। সঞ্জুকে হয়তো আউটফিল্ডে ফিল্ডিং করতে হবে। অথবা ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামবে। আমি শতভাগ নিশ্চিত, ও আগামিকাল খেলবে। আমি শুনেছি ও পুরোপুরি ফিট। ম্যাচ খেলার জন্য প্রস্তুতও।”
প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন তিনি। সেই কারণে প্রথম ছয় ম্যাচে খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল, আইপিএলের প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না এমএসডি। কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে আগে নেটে দেখা যায় তাঁকে। চেন্নাইয়ের অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিং-সহ হালকা ফিটনেস ড্রিলের উপর মনোযোগ দিতে দেখা যায়। তাছাড়াও দলের বাকিদের পরামর্শও দেন ‘থালা’। তখনই বোঝা গিয়েছিল, খুব তাড়াতাড়ি ম্যাচ ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু এখনও ফিরতে পারেননি তিনি।
অন্যদিকে, মুম্বই শিবিরেও খুশির খবর। দলের সঙ্গে যোগ দিয়েছেন উইল জ্যাকস। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন। টানা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। তাই মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের কাছে কিছুদিনের বিশ্রামের আবেদন জানান তিনি। সম্পূর্ণভাবে ফিট ও সতেজ হয়ে আইপিএলে মাঠে নামতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছিলেন এই ইংরেজ অলরাউন্ডার।
