আধুনিক ক্রিকেটের ঈশ্বর কে? উত্তরটা শচীন তেণ্ডুলকর। ’৮৩-র বিশ্বজয়ী ক্রিকেটার মনে করছেন, ভবিষ্যৎ ক্রিকেটের ঈশ্বর হয়ে উঠতে পারে বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনার। গত আইপিএল থেকেই যেরকম ভয়ডরহীন ক্রিকেট খেলছেন বৈভব, তা দেখে মুগ্ধ সবাই। মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে দাপুটে পারফরম্যান্স করে তিনি এখন জাতীয় দলে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার। এবার প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তও চান বৈভবকে (Vaibhav Sooryavansh) ভারতীয় দলে দেখতে।
চলতি বছরেই ভারতীয় দলে অনেকেই বৈভবকে দেখতে চাইছেন অনেকে। এমনকী ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। সম্ভবত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লু-দের সঙ্গে দেখা যাবে বৈভবকে। আর যদি সেটা হয়, তাহলে শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নজির গড়বে বৈভব। শ্রীকান্তও চান সেই রেকর্ড গড়ুক বিহারের সমস্তিপুরের ক্রিকেটার।
তাঁর মতে, বৈভব সূর্যবংশীর মতো প্রতিভা খুব কমই দেখা যায়। তাকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় সম্পদ হয়ে উঠতে পারে। একটি পডকাস্টে শ্রীকান্ত সরাসরি জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকরের উদ্দেশে বলেন, বৈভবকে এখনই সিনিয়র দলে অন্তর্ভুক্ত করা উচিত। তাঁর মতে, দেরি না করে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়া দরকার বৈভবকে। এমনকী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও রাখা উচিত।
শ্রীকান্ত বলছেন, "ভাবুন তো, প্রথম বলেই বুমরাহকে ছক্কা, হ্যাজেলউডকেও একইভাবে আক্রমণ। এতটুকুও ভয় পায় না। এই ছেলেটাই ভবিষ্যতের ক্রিকেটের ঈশ্বর হয়ে উঠতে পারে।"
শ্রীকান্তের কথায়, "আমি আজই বলছি, ওকে দ্রুত দলে নাও। পরের সিরিজেই ও খেলুক। ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের দলে রাখা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশটা ওকে অনুভব করতে দিতে হবে।" তাঁর সংযোজন, বৈভব যেভাবে ভয়ডরহীন ব্যাটিং করছে, তা বিরল। "ভাবুন তো, প্রথম বলেই বুমরাহকে ছক্কা, হ্যাজেলউডকেও একইভাবে আক্রমণ। এতটুকুও ভয় পায় না। এই ছেলেটাই ভবিষ্যতের ক্রিকেটের ঈশ্বর হয়ে উঠতে পারে।"
আইপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচে ২৪৬ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছে বৈভব। গড় ৪১। স্ট্রাইক রেট ২৩৬.৫৩। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৫ বছরের কিশোর নামছে মানেই নিশ্চিত আগুনে পারফরম্যান্স। ২০২৪ সালে তাকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। গত বছর প্রথমবার আইপিএল খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছিল। ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও অভিষেক হয়। বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ভারতকে চ্যাম্পিয়নও করে।
সূত্রের খবর, আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্য বৈভবের নাম ভাবনাচিন্তা করছে বিসিসিআই। সবকিছু ঠিক থাকলে, কিশোর এই ব্যাটার ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ড গড়বে সে। শ্রীকান্তের মতে, "ওর ধারাবাহিকতা দেখার প্রশ্নই নেই। এই ছেলেটা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।" ভয়ডরহীন মানসিকতা। ব্যাটিং স্টাইল। শট খেলার সহজাত প্রতিভা। এই তিন বিশেষত্বই অনেকের থেকে আলাদা করেছে বৈভবকে।
