বিরাট কোহলির একটা লাইক। তাতেই রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন জার্মান সুন্দরী লিজলাজ ওরফে জেনিফার। নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে তাঁকে নিয়ে। সঙ্গে ট্রেন্ডিং কোহলিও। তাঁকে নিয়ে তৈরি হয়েছে ভূরি ভূরি মিম। সেখানে কোহলির 'মহিলাপ্রীতি' নিয়ে তোলপাড় হয়েছে নেটদুনিয়া। এমনকী উঠে এসেছে প্রাক্তন ভারত অধিনায়কের এক যুগ আগের সম্পর্কের কথাও। যা দেখে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ভারত অধিনায়কের 'প্রাক্তন প্রেমিকা' ইজাবেল লেইট।
কেন এত রেগে গেলেন ইজাবেল? এর উত্তর লুকিয়ে রয়েছে ইনস্টাগ্রামের একটি পোস্টে। সেখানে একসঙ্গে রাখা হয় ইজাবেল লেইট, অনুষ্কা শর্মা, জার্মান ইনফ্লুয়েন্সার লিজলাজ এবং অবনীত কৌর - এই চারজনের ছবি। যার ক্যাপশনে লেখা হয়, “বিরাট কোহলির একটা ব্যাপার স্পষ্ট। মাঠের ভেতরে বা বাইরে, তিনি কোনও কিছুই বাদ দেন না। ইজাবেল লেইট থেকে শুরু করে অনুষ্কা শর্মা পর্যন্ত... তাঁর পছন্দে যেন সব সময়ই অভিজাত মানের ছাপ দেখা যায়। এর সঙ্গে অবনীত কৌরের নাম যোগ হলে আপনি একটি প্যাটার্ন দেখতে পাবেন। এক্ষেত্রে কোহলির পছন্দ অনেকের প্লেলিস্ট বানানোর দক্ষতার থেকেও এগিয়ে। ক্রিকেট মাঠের কিংবদন্তি এই ব্যাটার যেন ব্যক্তিগত জীবন থেকে ‘গড়পড়তা’ শব্দটাকেই নিজের অভিধান থেকে বাদ দিয়েছেন। কেউ যেখানে শুধু রান তাড়া করেন, সেখানে কোহলি যেন সহজেই আইকনদের সঙ্গেই নিজেকে যুক্ত করেন। কিং কোহলির পছন্দ খুবই উঁচু দরের। কেবল অসাধারণকেই বেছে নেন তিনি।”
এক পোস্টে লেখা হয়, “ক্রিকেট মাঠে কিংবদন্তি এই ব্যাটার যেন ব্যক্তিগত জীবন থেকে ‘গড়পড়তা’ শব্দটাকেই নিজের অভিধান থেকে বাদ দিয়েছেন।”
এরপরেই রীতিমতো ক্ষোভ উগরে দেন ইজাবেল। কমেন্টে তিনি লেখেন, '১২ বছর হয়ে গিয়েছে। তবুও কেন মানুষ এগোতে পারছে না?' তাঁর এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর পাশেও দাঁড়ান। এক নেটিজেনের কথায়, 'মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা সত্যিই অস্বস্তিকর।' কেউ লেখেন, 'ইজাবেল ঠিকই বলেছেন। অতীতকে টেনে আনার কোনও মানে হয় না।' আরেকজন লেখেন, 'কোহলি এখন নিজের পরিবার নিয়ে সুখে আছেন। এসব অপ্রয়োজনীয় বিতর্ক।' অন্য ইউজার বলছেন, 'সোশাল মিডিয়া এখন সীমা ছাড়িয়ে যাচ্ছে।'
কে এই ইজাবেল লেইট? তিনি একজন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী। যাঁর সঙ্গে বিরাট কোহলির নাম জড়ায়। ২০১২ থেকে ২০১৪ সালের মাঝামাঝি পর্যন্ত তাঁদের নাকি সম্পর্ক ছিল। সে সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চাও হয়। পরে অনুষ্কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোহলি। ইজাবেল স্বামী ও দুই সন্তানকে নিয়ে দোহায় বসবাস করছেন। অভিনয়ের দিক থেকেও তিনি পরিচিত মুখ তিনি। হিন্দি ছবি 'পুরানি জিন্স' ছাড়াও বেশ কিছু দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বৃহস্পতিবার রাত থেকে নেটদুনিয়ায় হু-হু করে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী লিজলাজের একটি ছবিতে ৩৭ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। সেই লাইকের ভিড়ে জ্বলজ্বল করছে বিরাটের নামও। উল্লেখ্য, ৩০ জানুয়ারি ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। বিরাট এই ছবিটি কবে লাইক করেছেন, তা অবশ্য স্পষ্ট নয়। কিন্তু গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। সেই নিয়ে নেটপাড়া উত্তাল। অনেকের মনেই প্রশ্ন, লিজলাজকে ফলো করেন না বিরাট। তাহলে তাঁর ছবিতে লাইক দিয়েছেন কেন?
এই প্রসঙ্গে লিজলাজ জানান, “গোটা ঘটনাটা কেমন অবিশ্বাস্য। ঘুম থেকে উঠেই দেখি আমাকে নিয়ে গুচ্ছগুচ্ছ খবর হয়েছে। প্রচুর মেসেজে ভরে গিয়েছে আমার ইনবক্স। দারুণ লাগছিল। কোহলি আমার ছবি লাইক করেছেন দেখে আমি তো খুব খুশি হয়েছিলাম। কিন্তু পরে লাইক সরিয়ে নিলেন। সেটায় বেশ খারাপ লাগছে। তবে ওঁর জন্য আমার বেশ খারাপ লাগছে।” গতবছর স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন কোহলি। তারপরই দেখা যায়, অভনীতের একটি স্বল্পবসনা ছবিতে ‘লাভ’ দিয়ে বসে আছেন তিনি। সেই নিয়ে তুমুল চর্চা শুরু হয় নেটদুনিয়ায়। কেন স্বল্পবসনার ছবিতে লাইক দিয়েছেন, প্রশ্নবাণে জর্জরিত হন কোহলি। সেই কোহলি জানিয়েছিলেন অ্যালগরিদমিক ত্রুটির কারণে এটা হয়েছিল। এবার জার্মান সুন্দরীর ছবিতে লাইকের পর সরগরম নেটপাড়া। কোহলিকে নিয়ে মিমে জড়িয়েছে ইজাবেল লেইটের নামও। তাতে রেগে অগ্নিশর্মা ব্রাজিলীয় এই মডেল।
