বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। সোমবার আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস শুনে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মুখ ভার। কারণ সোমবারই ইডেন গার্ডেন্সে খেলতে নামবে তাঁদের প্রিয় কেকেআর (KKR)। কিন্তু পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে। সেটা হলে হাজার হাজার টাকা খরচ করে কেনা টিকিট একেবারে জলে যাবে, সেই ভেবে মন খারাপ কেকেআর ভক্তকুলের।
গতবছরও ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। সেই ম্যাচে পাঞ্জাব ২০১ রান তুলেছিল প্রথম ব্যাট করে। রান তাড়া করতে নেমে প্রথম ওভার ব্যাট করে কেকেআরও। কিন্তু তারপরেই ঝেঁপে বৃষ্টি নামে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। প্রিয় দলের দুরন্ত ব্যাটিং বা জয়, কোনওটাই দেখার সৌভাগ্য হয়নি কেকেআর ভক্তদের। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে নেয় দুই দল। এবারও পাঞ্জাব ম্যাচের উপর পড়তে পারে বৃষ্টির থাবা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহভর ঝড়বৃষ্টির দাপট চলবে। রবিবার বৃষ্টি হয়েছে কলকাতার একাধিক এলাকায়। সেই একই দৃশ্য সোমবারও দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতায় বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এদিন। যদিও ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় আত্মবিশ্বাসী, ইডেনে খেলা দেখেই ফিরতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
আইপিএলের নিয়ম অনুযায়ী, বৃষ্টি হল এক ঘণ্টা পর্যন্ত পিছোতে পারে খেলা। অর্থাৎ, রাত সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করা হবে পুরো ম্যাচের জন্য। তার পর থেকে ওভার কমতে শুরু করবে। সর্বনিম্ন পাঁচ ওভারের খেলা করা যেতে পারে। যা সর্বশেষ চালু করা যাবে, রাত ১০.৫৬ মিনিটে। কিন্তু তার জন্য ১০.৪১ মিনিটে টস হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ ১০টা ৪১ মিনিট পর্যন্তও যদি টস না হয়, তাহলে খেলা বাতিল।
কিন্তু যাঁরা হাজার হাজার টাকা খরচ করে ম্যাচের টিকিট কেটেছেন? নিয়ম অনুযায়ী, যদি ম্যাচে একটাও বল না হয় তাহলে টিকিটের দাম ফেরত মেলে। তবে ট্যাক্স এবং অন্যান্য সার্ভিস ফি রিফান্ড হয় না। সাধারণত ১০ থেকে ১৫ দিনের মধ্যে ফেরত আসে টিকিটের দাম। কিন্তু ম্যাচ যদি খেলার মাঝপথে বাতিল হয়, তাহলে টিকিটের রিফান্ড পাওয়া যাবে না। অর্থাৎ গতবছরের মতো পরিস্থিতি হলে টিকিটের রিফান্ড মিলবে না।
