টিম ইন্ডিয়ার হেডকোচ হিসাবে অল্প সময়েই সাফল্যের নজির গড়েছেন গৌতম গম্ভীর। তাঁর কোচিংয়েই ভারত জিতেছে দু-দু'টি আইসিসি ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, গম্ভীরের আসল পরীক্ষা এখনও বাকি। তাঁর সাফ কথা, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ই যথেষ্ট নয়। আসল পরীক্ষা আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে।
এক সাক্ষাৎকারে মহারাজ বলেন, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনই গম্ভীরের প্রকৃত দক্ষতা যাচাই করবে। তাঁর মতে, “২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হতে চলা বিশ্বকাপই গম্ভীরের জন্য আসল চ্যালেঞ্জ হতে চলেছে। সেখানে পরিস্থিতি কঠিন হবে। তবে এই দল নিয়ে গম্ভীর সফল হবেন বলেই আমি বিশ্বাস করি।” উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ফলে ২০২৭ বিশ্বকাপ ঘিরে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে।
পাশাপাশি টেস্ট ক্রিকেটেও যে ভারতের উন্নতি দরকার, সে কথাও বলেন সৌরভ। তাঁর মতে, ঘরের মাঠে অতিরিক্ত টার্নিং পিচের বদলে ভালো উইকেটে খেললেই ভালো ফল মিলবে। “লাল বলের ক্রিকেটে আরও উন্নতি করতে হবে। উইকেট কেমন হবে, তা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা বন্ধ করতে হবে। ভারত কিন্তু ইংল্যান্ডে ভালো ফল করেছিল। সেখানে কিন্তু কেমন পিচ হবে, সেটা ওর হাতে ছিল না। পাশাপাশি ঘরের মাঠে অতিরিক্ত টার্নিং পিচের বদলে ভালো উইকেটে খেলেও জেতা যায়।” বলছেন সৌরভ।
তবে গম্ভীরের প্রতি যে তাঁর পূর্ণ আস্থা রয়েছে, সে কথা প্রকাশ করে সৌরভ বলেন, “গৌতম খুবই ভালো কোচ। সাদা বলের ক্রিকেটে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন।” দু'সপ্তাহের মধ্যেই শুরু হবে আইপিএল। ২৮ মার্চ গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে আইপিএলের ১৯তম সংস্করণের ঢাকে কাঠি পড়তে চলেছে। বিশ্বের সবথেকে বড় টি-টোয়েন্টি লিগ শেষ হলেই টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দেবেন টিম ইন্ডিয়ার 'হেডস্যর'।
