shono
Advertisement
T20 World Cup

আহমেদাবাদ জুড়ে রমরম করছে টিকিটের কালোবাজারি, ফাইনালের আগে পুলিশের জালে ২ 

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। তবে একই সঙ্গে দেদার চলছে টিকিটের কালোবাজারি। এর অভিযোগে দু'জনকে আটক করা হয়েছে বলে খবর। 
Published By: Prasenjit DuttaPosted: 12:53 PM Mar 08, 2026Updated: 01:20 PM Mar 08, 2026

আর মাত্র কিছু ঘণ্টা। রবিবাসরীয় সন্ধ্যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল। আহমেদাবাদে যুযুধান দুই প্রতিপক্ষ ভারত-নিউজিল্যান্ড। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। তবে একই সঙ্গে দেদার চলছে টিকিটের কালোবাজারি। এর অভিযোগে দু'জনকে আটক করা হয়েছে বলে খবর। 

Advertisement

আহমেদাবাদ সিটি ক্রাইম ব্রাঞ্চ রবিবার বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে অভিযান চালিয়ে আটক করেছে ২ অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ক্রাইম ব্রাঞ্চ উসমানপুরা গুজরাট বিদ্যাপীঠ এসটি বাস স্ট্যান্ডের কাছে ফাঁদ পাতে। সেখানে দু'জনকে আটক করা হয়। এরপর তাদের তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তের কাছ থেকে ম্যাচের আটটি টিকিট উদ্ধার করা হয়।

অনলাইনে আগেভাগে টিকিট কিনে তা তিনগুণ দামে বিক্রি করছিল দু'জন। তারা ২ হাজার টাকার টিকিট ১০-১২ হাজার টাকা করে নিচ্ছিল বলেই অভিযোগ। উদ্ধার হওয়া সব টিকিট ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। গুজরাট পুলিশ তাদের বিরুদ্ধে ৩৩(১)(এক্স) এবং ১৩১ ধারায় বিরুদ্ধে মামলা করেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক শনিবার সতর্ক করে দিয়েছিলেন, টিকিটের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফাইনাল ম্যাচ ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে তিনি জানান। "নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ম্যাচ আয়োজনের সমস্ত প্রস্তুতি সারা। প্রায় তিন হাজার পুলিশকর্মী এবং এক হাজার হোমগার্ড মোতায়েন থাকবে।" বলেন পুলিশ কমিশনার।

তিনি আরও জানান, স্টেডিয়ামের প্রবেশপথে ভিড় নিয়ন্ত্রণের জন্য ১ ও ২ নম্বর গেটের কাছে বিশেষ সংরক্ষিত এলাকা তৈরি করা হয়েছে। যাতে অতিরিক্ত ভিড় বা পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যায়। এক লক্ষেরও বেশি দর্শক হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। ফলে টিকিটের বিপুল চাহিদাকে কেন্দ্র করেই কালোবাজারিদের সক্রিয়তা বেড়েছে বলে মনে করছে পুলিশ। উল্লেখ্য, রোববার জিতলে টানা দ্বিতীয়বার ফাইনাল জিতে নজির গড়বে ভারত। তাছাড়াও দেশের মাটিতেও বিশ্বকাপ জেতা প্রথম দল হিসাবে রেকর্ড বুকে নাম তুলবেন সূর্যকুমাররা। তা দেখতে স্টেডিয়াম চত্বরে এখন থেকেই ভিড় জমাতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement