ইরানে যুদ্ধের জেরে এক সপ্তাহ ধরে ভারতে বন্দি ক্রিকেটাররা। কীভাবে বাড়ি ফিরবেন, সেই উদ্বেগে দিন কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা-তিন দল। অবশেষে তাঁদের ফেরানোর ব্যবস্থা করছে আইসিসি। কিন্তু সেখানেও পক্ষপাতিত্ব হয়েছে বলে জয় শাহদের তুলোধোনা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তাঁর তোপ, আইসিসি প্রভাবশালী বোর্ডের ক্রিকেটারদের আগে ফেরাচ্ছে।
গত শনিবার থেকে ইরানের উপর যৌথভাবে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। তার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ। তার জেরেই ভারতে আটকে পড়েছেন বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা, দুই দলই নিজেদের শেষ ম্যাচ খেলেছিল ইডেন গার্ডেন্সে। ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ শেষ হয়ে যায় ক্যারিবীয়দের। গত ৪ মার্চ সেমির যুদ্ধে কলকাতায় মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে হেরে প্রোটিয়ারা বিশ্বকাপ থেকে ছিটকে যায়।
"ইংল্যান্ড বৃহস্পতিবার ছিটকে গিয়ে শনিবার দেশে ফিরল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা আগে বিদায় নিলেও এখনও কলকাতায় আটকে। ক্ষমতার অপব্যবহার এটাকেই বলে।"
শনিবার পর্যন্ত দুই দলই আটকে ছিল কলকাতায়। আকাশপথ আংশিক খুলে যাওয়ায় ওইদিন থেকেই ক্রিকেটারদের ফেরাতে বিশেষ চার্টার্ড বিমানে ব্যবস্থা করে আইসিসি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে, সবার আগে ভারত থেকে লন্ডনের বিমান পেয়েছে ইংল্যান্ড। যারা কিনা বৃহস্পতিবার সেমিফাইনাল খেলে হেরেছে এই বিষয়টি তুলে ধরেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে ভন বলেন, 'ইংল্যান্ড বৃহস্পতিবার ছিটকে গিয়ে শনিবার দেশে ফিরল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা আগে বিদায় নিলেও এখনও কলকাতায় আটকে। ক্ষমতার অপব্যবহার এটাকেই বলে। এই পরিস্থিতিতে সব দলকেই সমান চোখে দেখা উচিৎ। কোনও দেশের বোর্ড বেশি ক্ষমতাশালী, সেটা বিচার করা ঠিক নয়।'
জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার ১২ ক্রিকেটার এখনও কলকাতায় রয়েছেন। তাঁরা রবিবার সকাল এবং সন্ধের বিমানে শহর ছাড়বেন। বিমানগুলি প্রথমে জোহানেসবার্গে যাবে। সেখান থেকে ক্যারিবিয়ান ক্রিকেটাররা অ্যান্টিগার উদ্দেশে রওনা দেবেন। অর্থাৎ বাড়ি ফিরতে সোমবার হয়ে যাবে জেসন হোল্ডারদের। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার এক সপ্তাহেরও বেশি তাঁরা আটকে রইলেন যুদ্ধের জেরে।
