পরনে সাদা কুর্তা, সঙ্গে স্ত্রী, কোলে ফুটফুটে সন্তান। মহারাষ্ট্রের কাগলের রামমন্দিরে পুজো দিতে হাজির জাহির খান। গতবছরই জাহির ও সাগরিকার ছেলের জন্ম হয়। খুদেকে নিয়ে রামমন্দিরে পুজো দেন সাগরিকা। তাঁর পুজো দেওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
সাগরিকার পরনে ছিল গোলাপি শাড়ি। হাতজোড় করে ভক্তিভরে ঈশ্বরের কাছে প্রণাম করেন। পরে তাঁদের ছেলে ফতেহসিনকে কোলে নিয়ে রাম-সীতার মূর্তির কাছে ছবিও তোলেন সেলিব্রিটি দম্পতি। ছেলের পরনে ছিল নীল জামা। দেবমূর্তির সামনে তাকে হাতজোড় করে প্রণাম করানো শেখান সাগরিকা। পরে মন্দির চত্বরে নিজের মতো খেলতে থাকে সে। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।
কাগলের রামমন্দিরের পুনর্নিমাণের কাজ শুরু হয় ২০০৭ সালে। রাজস্থানের সাদা মার্বেল নিয়ে মন্দিরটি তৈরি হয়। এই মন্দিরের প্রাথমিক নকশা তৈরি হয়েছিল প্রয়াত রাজা বিক্রম সিং ঘাটগের পরিকল্পনা অনুযায়ী। প্রায় ৪ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে বিস্তৃত মন্দিরটি। অন্যদিকে সাগরিকাও ঘাটগে রাজপরিবারের সন্তান।
উল্লেখ্য, ২০১৭ সালে বলি অভিনেত্রীর সঙ্গে বিয়ে হয় জাহিরের। গত বছর এপ্রিল মাসে স্ত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে পুত্রসন্তানের ছবি শেয়ার করেন ভারতের প্রাক্তন পেসার। ২০১৬ সালে যুবরাজের সিংয়ের বিয়ের অনুষ্ঠানে জাহির-সাগরিকার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। পরের বছরই তাঁদের বিয়ে হয়। ‘চক দে! ইন্ডিয়া’ সিনেমার মাধ্যমে প্রচারের আলোয় আসেন সাগরিকা। পরে আরও কয়েকটি সিনেমা বা সিরিজে কাজ করলেও সেভাবে জনপ্রিয়তা পাননি। অন্যদিকে ২০১৫ সালে ক্রিকেটকে বিদায় জানান জাহির।
