সত্যি হল জল্পনা। প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানানোর পরও আমির খানের সিনেমার জন্য গান গাইলেন অরিজিৎ সিং। আচমকা বলিউড সুপারস্টারের জিয়াগঞ্জ সফরের মাঝেই ভক্তশিবিরে কৌতূহলের উদ্রেক হয়েছিল, তাহলে কি 'মিস্টার পারফেকশনিস্টে'র পরবর্তী সিনেমা 'মহাভারত'-এ অরিজিতের কণ্ঠ শোনা যাবে? সংশ্লিষ্ট গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নিজেরাই আসল খবর ফাঁস করলেন।
আমির খানের ছবিতে অরিজিতের প্লেব্যাক, ছবি- সোশাল মিডিয়া
গত সপ্তাহেই অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করার জন্য মুম্বই থেকে মুর্শিদাবাদে ছুটে আসেন আমির খান। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে আস্তানা গেড়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। রাতদুপুরে কখনও গায়কের বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়েছেন আবার কখনও বা ঘণ্টার পর ঘণ্টা অরিজিৎ সিংয়ের স্টুডিওয় সময় কাটিয়েছেন। তার ঠিক দিন কয়েক আগেই সিনেদুনিয়ার প্লেব্যাককে 'আলবিদা' জানিয়েছেন অরিজিৎ। আর 'প্লেব্যাক সম্রাটে'র এহেন সিদ্ধান্তের পরই কেন শশব্যস্ত শিডিউল ফেলে মুর্শিদাবাদে ছুটে এলেন আমির খান? কৌতূহল ছিল সর্বত্র। প্রথমটায় শোনা গিয়েছিল, সলমন খানের 'ব্যাটেল অফ গালওয়ান' এখনও পর্যন্ত অরিজিৎ সিংয়ের শেষ গাওয়া প্লেব্যাক হিসেবে নাম লেখালেও গায়কের বিজয়রথ 'এই খানে'ই থামছে না! কারণ শাহরুখ খানের 'কিং' ছবিতে অরিজিতের প্লেব্যাক থাকার কথা আগেই শোনা গিয়েছিল। যদিও নির্মাতারা আনুষ্ঠনিকভাবে তার ঘোষণা করেননি, তবে সেই তালিকায় সম্ভবত খান সাম্রাজ্যের আরেক প্রতিনিধি আমিরের 'মহাভারত'ও নাম লেখাতে চলেছে! সত্যিই তাই? সোমবার আমির খানের প্রযোজনা সংস্থার তরফে ফাঁস করা হল আসল খবর।
'এক দিন'-এর দৃশ্যে আমিরপুত্র জুনেইদ ও সাই পল্লবী, ছবি- ইনস্টাগ্রাম
জানা গেল, আমির খান প্রযোজিত 'এক দিন' সিনেমার জন্য গান গেয়েছেন অরিজিৎ সিং। যদিও আমির এক্ষেত্রে প্রযোজকের আসনে তবে মুখ্য ভূমিকায় রয়েছেন 'মিস্টার পারফেকশনিস্ট' পুত্র জুনেইদ খান এবং সাই পল্লবী। আসন্ন এই রোম্যান্টিক ড্রামাতেই শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। যার জন্য সোমবার এক পোস্টে অরিজিৎ সিংকে ধন্যবাদ জানানো হয়েছে আমির খান প্রোডাকশনস-এর তরফে। সেখানেই দেখা গেল, প্রযোজক আমিরের পাশে বসে মন দিয়ে অরিজিৎকে কাজ বুঝে নিতে। উল্লেখ্য, গায়ক আগেই স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে, আগাম প্রতিশ্রুতিমাফিক এখনও কিছু কাজ বাকি রয়েছে। চলতিবছরে সেগুলোই সম্পন্ন করবেন। সেই তালিকারই অন্যতম জুনেইদ খানের 'এক দিন'। দি চারেক জিয়াগঞ্জে কাটিয়ে অরিজিৎ সিংয়ের আতিথেয়তায় যে মুগ্ধ সুপারস্টার অভিনেতা-প্রযোজক, পোস্টে সেকথাও উল্লেখ করা হল। আমিরের মন্তব্য, "'এক দিন' ছবিতে প্লেব্যাক করার জন্য ধন্যবাদ অরিজিৎ। তোমার পরিবার এবং তোমার সঙ্গে দিন চারেক কাটানো সব মুহূর্তগুলো ভীষণই 'ম্যাজিক্যাল'।" সেই পোস্ট অরিজিতের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার হওয়ায় খবরে যে সিলমোহর বসল, তা বলাই বাহুল্য।
