স্বপ্ন দেখা থেকে এতটুকু সরছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। দেশের হয়ে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবেন, এটাই তাঁর স্বপ্ন। এবং বিশ্বকাপে খেলার সুযোগ পেলে আরও একটা স্বপ্ন ব্রাজিলিয়ান তারকাকে তাড়া করে বেড়াচ্ছে। বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন। আর ফাইনালে হবে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। অর্থাৎ ফাইনালে বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসি বিরুদ্ধে খেলতে চান নেইমার।
আসন্ন বিশ্বকাপে নেইমার খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান তারকা এই মুহূর্তে নিজেকে ফিট করে তোলায় ব্যস্ত রয়েছেন। কঠোর পরিশ্রম করছেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য। ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি পরিষ্কার জানিয়েছেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে তাঁরাই সুযোগ পাবেন, যাঁরা সম্পূর্ণ ফিট।
সম্প্রতি স্যান্টোস বনাম সান লরেঞ্জোর মধ্যে ম্যাচের পর নেইমার এক সাক্ষাৎকার বলেছেন, "হ্যাঁ, আমি অবশ্যই বিশ্বকাপে খেলতে চাই। বিশ্বকাপ নিয়ে ভাবি। প্রতিটি ব্রাজিলিয়ান ফুটবলারই চায় বিশ্বকাপ খেলতে। আমার বিশ্বাস, ব্রাজিলের হয়ে অবশ্যই বিশ্বকাপে মাঠে নামব।" এরপরই বন্ধু মেসিকে নিয়ে প্রশ্ন উড়ে এলে নেইমার বলেন, "আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিশ্বকাপ ফাইনাল হলে অভাবনীয় ঘটনা ঘটবে। আশা করব, আমরা ফাইনালে উঠব। সেখানে মেসির মুখোমুখি হব।"
