এবারের আইএসএলের শুরুটা অসাধারণ করেছিল ইস্টবেঙ্গল। তবে প্রথম দুই ম্যাচ জয়ের পর কেমন যেন খেই হারিয়ে ফেলেছে অক্সার ব্রুজোর দল। জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছিল। এরপর এফসি গোয়ার গাঁটে জয় হাতছাড়া লাল-হলুদের। শনিবার নিজেদের পঞ্চম ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে কেরালা ব্লাস্টার্স। তার আগে বিস্ফোরক মন্তব্য করে বসলেন লাল-হলুদের হেডস্যর।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ব্রুজো বলেন, "আগের বছর আমি ইস্টবেঙ্গলের কোচ হয়ে এসেছিলাম চতুর্থ ম্যাচের সময়। কিন্তু প্রথম পয়েন্ট পেতে লেগেছিল ছয় ম্যাচ। চলতি মরশুমের কথা ভাবুন। চার ম্যাচে ৭ পয়েন্টে দাঁড়িয়ে আমরা। আইএসএলে ইস্টবেঙ্গল এত ভালো শুরু কখনও করেনি। পাঁচ ম্যাচে ১০ পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে আমাদের। সেটা হলে প্রতি ম্যাচে গড়ে ২ পয়েন্ট করে পাব আমরা। তাই আমি আমার ধারণার বদল করব না।"
তিনি আরও বলেন, "দলের মধ্যে আমরা কে কোথায় রয়েছি, তা আমরা জানি। দলের লক্ষ্য সম্পর্কেও আমরা ওয়াকিবহাল। টেবিলের উপরের দিকেই আমরা শেষ করতে চাই। এখন আমরা পাঁচে রয়েছি।" এরপরেই সুর চড়ান ব্রুজো। "ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত কিছু লোক আছে যারা দলের উন্নতি করতে চায় না। হয়তো ইচ্ছাকৃতভাবে দলে বিভক্ত বা অস্থির করে তোলার চেষ্টা করে তারা। সমর্থকদের হতাশা নিয়ে ন্যারেটিভ ছড়ায়। তবে দলের মধ্যে আমরা সেসব আমল দিচ্ছি না।" বলছেন লাল-হলুদের হেডস্যর।
কাকে বা কাদের উদ্দেশ্য করে এমন বিস্ফোরক মন্তব্য ব্রুজোর, তা নিয়ে ময়দানে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, তাঁর কিছু সিদ্ধান্ত নিয়ে সোশাল মিডিয়ায় বেশ সমালোচিত হতে হয়েছে তাঁকে। কিন্তু এবার পালটা দিলেন ব্রুজো। তাঁর উপর কেভিন সিবিলের চোট নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল। কেরলের বিরুদ্ধে কি খেলবেন তিনি? "দু'দিন আগেই আমরা ওর মেডিক্যাল রিপোর্ট পেয়েছি। ওর চোট অনেকটাই সেরে উঠছে। আগের থেকে অনেকটাই ভালো আছে। তবে পেশির টান থেকে পুরোপুরি সেরে উঠতে এখনও পাঁচ-সাত দিন সময় লাগবে। তারপর ওর রিহ্যাব শুরু হবে।" মন্তব্য ব্রুজোর। তাঁর আশা, শেষ সাত ম্যাচে দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবেন কেভিন। কেরলের বিরুদ্ধে জয় গুপ্তা এবং সল ক্রেসপো খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই মুহূর্তে আইএসএলে ১৩ নম্বরে রয়েছে কেরালা। তাদের বিরুদ্ধে জয়কেই একমাত্র পাখির চোখ করে ঘরের মাঠে নামবে ইস্টবেঙ্গল।
