তিন বছর পর জাতীয় দলে ফিরেও অধরা বিশ্বকাপ জেতা হয়নি। তাই ব্রাজিলের জার্সি চিরকালের জন্য তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। কিন্তু দেশের ফুটবলপ্রেমীদের মনে ক্ষীণতম আশা বেঁচে ছিল, তারকা ফুটবলার হয়তো অবসর ভেঙে ফিরবেন, আর একটি বার বিশ্বকাপ জেতার চেষ্টা করবেন। কিন্তু সেই আশা আবারও ভেঙে দিলেন নেইমার। সাফ জানিয়ে দিলেন, তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ। ব্রাজিলের জার্সিতে আর খেলতে নামবেন না।
বিশ্বকাপ শেষে ক্লাবে যোগ দিয়েছেন নেইমার। অনুশীলন করছেন স্যান্টোসের হয়ে। যদিও চলতি বছর ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন নেইমার। সেখানেই স্পষ্ট জানিয়ে দেন, "জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাস লিখেছি, নিজের রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। হলুদ জার্সির হয়ে সবসময়ে লড়াই করেছি। কিন্তু এই লড়াইটা আর লড়তে চাই না।" ১০ নম্বর জার্সিধারী আবেগঘন কণ্ঠে জানিয়েছেন, "জাতীয় দলের হয়ে আমার অ্যাডভেঞ্চার শেষ।
উল্লেখ্য, ১৬ বছর আগে আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল নেইমারের। সেই মাঠেই শেষ হয়েছে তাঁর ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। প্রিকোয়ার্টারে নরওয়ের কাছে হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে মিক্সড জোনে সাংবাদিকদের বলেন, “আমি অনেক চেষ্টা করেছি। নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। কিন্তু এবার সব শেষ। এখানেই আমার যাত্রা শুরু হয়েছিল, এখানেই শেষ করলাম।”
কিন্তু এই ঘোষণার পরই মুখ খুলেছিলেন নেইমারের বাবা। জানিয়েছিলেন, 'কত সুন্দর পথ পেরিয়ে এলে। তাতে চ্যালেঞ্জ ছিল, কষ্ট ছিল, সেই সঙ্গে ঈশ্বরের অশেষ আশীর্বাদও ছিল। তোমার মধ্যে শুধু প্রতিভা ছিল না, ছিল একটি প্রতিজ্ঞা। প্লিজ, ফুটবল খেলা চালিয়ে যাও। আবার বল পায়ে খেলার আনন্দ খুঁজে নাও। মাঠে হাসিমুখে ফিরে এসো। ঈশ্বর তোমাকে সুস্থ করে আরেকটি সুযোগ দিয়েছেন। আগামী দিনগুলোকে ভয় পেয়ো না।' বাবার এমন আবেগঘন বার্তাতেও অবশ্য টলানো যায়নি নেইমারকে। আন্তর্জাতিক কেরিয়ার শেষের সিদ্ধান্তে তিনি এখনও অনড়।
