সারমেয়দের জীবনকাল খুবই কম। গড়ে ১৪ থেকে ১৫ বছর বাঁচে ওরা। যা চারপেয়েদের অভিভাবকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ওদের বয়স বাড়তে শুরু করলেই প্রতিমুহূর্তে তাড়া করে আতঙ্ক, হারানোর ভয়। জানেন কি এই আতঙ্ক কাটানোর উপায় বের করেছেন গবেষকরা। নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা ঠিক কী? কুকুরদের জন্য আসছে অ্যান্টি এজিং পিল!
সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক পোস্ট। সেখানেই দাবি করা হয়েছে, আগামী বছরই বাজারে আসছে কুকুরের আয়ু বাড়ানোর ওষুধ। একটি পেজে উল্লেখ করা হয়েছে, “কুকুরদের জন্য প্রথম বার্ধক্য-রোধী পিলটি এইমাত্র এফডিএ-র সমর্থন পেয়েছে। এটি এখন অনুমোদনের অপেক্ষায়। এটি বাজারে এলে কুকুররা বাঁচবে আরও অনেকদিন।” যে ওষুধটির কথা বলা হচ্ছে সেটি হল LOY-002। এটি তৈরি করেছে লয়াল নামক একটি ক্লিনিক্যাল-পশুচিকিৎসা ঔষধ প্রস্তুতকারক কোম্পানি। দীর্ঘদিন ধরেই এই ওষুধ নিয়ে চলছিল গবেষণা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিষয়টা জানা গিয়েছিল। যদিও সংস্থার তরফে কবে এই ওষুধ কবে বাজারে আসতে পারে তা নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
সংস্থার তরফে প্রাথমিকভাবে যথন এই ওষুধ সংক্রান্ত গবেষণার কথা জানানো হয়েছিল তখন সেখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছিল। তা হল, উৎপাদন ও নিরাপত্তা। জানা গিয়েছিল, এই সংক্রান্ত জটিলতা কেটে গেলে ২০২৫ সালের শেষ নাগাদ ওষুধটি আসতে পারে বাজারে। আর এফডিএ-অনুমোদিত এই আয়ু বর্ধক এই ওষুধ যা অনলাইনে ‘অ্যান্টি-এজিং পিল’ নামে পরিচিত। সত্যিই যদি এই ওষুধ বাজারে আসে তা যে এক যুগান্তকারী আবিষ্কার হবে, তা বলাই বাহুল্য।
