আমাদের খাদ্যসংস্কৃতি শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ। আর সেই পুরনো খাদ্যাভ্যাসই এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আমাদের ঘরে থাকা ফারমেন্টেড খাবারই ভবিষ্যতে বিশ্বে প্রোবায়োটিকের সেরা উৎস হতে পারে।
গত কয়েক বছরে আমাদের খাবারের ধরনে বড় পরিবর্তন এসেছে। সোশাল মিডিয়ার প্রভাব, ব্যস্ত জীবনযাপন এবং সহজে পাওয়া প্রসেসড খাবারের কারণে মানুষ ধীরে ধীরে ঐতিহ্যবাহী খাবার থেকে দূরে সরে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে অন্ত্রের স্বাস্থ্যের উপর, যা শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষণা বলছে, দেশে যে পরিমাণ রোগ বাড়ছে, তার একটি বড় অংশের পেছনে রয়েছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তাই এখনই সচেতন হওয়া জরুরি।
ছবি: সংগৃহীত
সমাধানও রয়েছে আমাদের হাতের কাছেই। দই, আচার, ইডলি, ধোসার মতো ফারমেন্টেড খাবার প্রাকৃতিকভাবেই প্রোবায়োটিকে ভরপুর। এগুলো অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বা জীবাণু বাড়াতে সাহায্য করে, হজমশক্তিকে ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ, এগুলো শুধু পেট ভরায় না, সুস্থ থাকার সহজ উপায়।
বিশেষজ্ঞদের মতে, এই ঐতিহ্যবাহী খাবারগুলোকে যদি আধুনিক বিজ্ঞান, বিশেষ করে মাইক্রোবায়োম ও জিনগত গবেষণার সঙ্গে যুক্ত করা যায়, তাহলে আরও কার্যকর ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রোবায়োটিক তৈরি করা সম্ভব। এতে শুধু দেশের মানুষের স্বাস্থ্যই উন্নত হবে না, বিশ্ববাজারেও বড় সুযোগ তৈরি হতে পারে।
তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, প্রোবায়োটিক নিয়ে বাজারে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। তাই কোনও সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট ব্যবহারের আগে সঠিক পরামর্শ নেওয়া জরুরি।
ঘরে পাতা দই প্রোবায়োটিকের সেরা উৎস। ছবি: সংগৃহীত
একইসঙ্গে, স্বাস্থ্যব্যবস্থায় উন্নতি এবং প্রযুক্তির ব্যবহারও ভবিষ্যতে বড় ভূমিকা নেবে। টেলিমেডিসিন, ডেটা অ্যানালিটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আরও বেশি মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব।
সব মিলিয়ে, নিজেদের খাদ্য-ঐতিহ্যকে নতুন করে গুরুত্ব দেওয়াই এখন সময়ের দাবি। কারণ, আমাদের ঘরের সাধারণ ফারমেন্টেড খাবারই হতে পারে সুস্থ ভবিষ্যতের সবচেয়ে সহজ ও শক্তিশালী চাবিকাঠি।
