shono
Advertisement
Viagra

এবার শরীরে ক্যানসার ছড়ানো রুখে দেবে ভায়াগ্রা? নয়া গবেষণায় আশাবাদী চিকিৎসকরা

এত দিন পরিচিত ছিল যৌনক্ষমতা বৃদ্ধির ওষুধ হিসেবে। এবার সেই ভায়াগ্রাই কি ক্যানসার ছড়িয়ে পড়ার গতি থামাতে পারে? নতুন গবেষণার ফল ঘিরে শুরু হয়েছে আলোচনা।
Published By: Pritimoy Roy BurmanPosted: 02:28 PM Aug 04, 2026Updated: 02:28 PM Aug 04, 2026

ভায়াগ্রা! নামটা শুনলে প্রথমেই মনে পড়ে যৌনক্ষমতা বৃদ্ধির ওষুধের কথা। কিন্তু যদি বলা হয়, ভবিষ্যতে এই একই ওষুধ ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে? শুনতে অবাক লাগলেও এমনই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে সাম্প্রতিক এক গবেষণা।

Advertisement

বিজ্ঞানীদের দাবি, ভায়াগ্রার সক্রিয় উপাদান সিলডেনাফিল, যা ক্যানসার কোষের শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার পথ আটকে দিতে পারে। যদি ভবিষ্যতের গবেষণাতেও এই ফল মেলে, তবে ক্যানসার চিকিৎসায় খুলে যেতে পারে সম্পূর্ণ নতুন দিগন্ত।

ইজরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের গবেষকদের এই সমীক্ষা প্রকাশিত হয়েছে 'ক্যানসার রিসার্চ' পত্রিকায়। তবে গবেষকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি এখনও পরীক্ষাগারভিত্তিক প্রাথমিক গবেষণা। তাই এখনই ক্যানসারের চিকিৎসা হিসেবে ভায়াগ্রা খাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

যৌনক্ষমতা বৃদ্ধির ওষুধেই ক্যানসারে রাশ! ছবি: সংগৃহীত

ক্যানসারের দুর্বল জায়গায় আঘাত
ক্যানসার কোষ শুধু দ্রুত বাড়েই না, শরীরের এক অঙ্গ থেকে অন্য অঙ্গেও ছড়িয়ে পড়ে। আর এই ছড়িয়ে পড়াই অধিকাংশ ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে ওঠে। গবেষকদের দাবি, সিলডেনাফিল ক্যানসার কোষের কোলেস্টেরল ব্যবহারের কৌশলেই আঘাত হানে।

কোলেস্টেরলকে কাজে লাগিয়েই ক্যানসার কোষ নিজেদের ঝিল্লি তৈরি করে, শক্তি জোগাড় করে এবং নতুন জায়গায় ছড়িয়ে পড়ে। সিলডেনাফিল সেই প্রক্রিয়ায় বাধা তৈরি করলে ক্যানসার কোষের ছড়িয়ে পড়ার ক্ষমতা কমে যেতে পারে।

আরও চমক, একসঙ্গে দুই ওষুধ
গবেষণায় আরও একটি আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিনের সঙ্গে সিলডেনাফিল ব্যবহার করলে ফল আরও ভালো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

স্ট্যাটিন শরীরে কোলেস্টেরল তৈরির পরিমাণ কমায়, আর সিলডেনাফিল ক্যানসার কোষের সেই কোলেস্টেরল ব্যবহারের পথ আটকে দেয়। এই 'ডাবল অ্যাটাক' ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

রাতের সঙ্গী। ছবি: সংগৃহীত

এখনই কি ভায়াগ্রা খাওয়া শুরু করবেন?
একেবারেই নয়। এই গবেষণা এখনও মানুষের উপর হয়নি। তাই ভায়াগ্রা ক্যানসারের ওষুধ, এমন দাবি করার কোনও সুযোগ নেই। কোন ধরনের ক্যানসারে এটি কার্যকর, কী মাত্রায় নিরাপদ, অন্য ক্যানসারের ওষুধের সঙ্গে এর পারস্পরিক প্রভাব কী, এসব জানতে এখনও দীর্ঘ পথ বাকি। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধু এই গবেষণার কথা শুনে ভায়াগ্রা খাওয়া বিপজ্জনক হতে পারে।

পুরনো ওষুধ, নতুন আশা
বিশ্বজুড়ে এখন পুরনো ওষুধকে নতুন রোগের চিকিৎসায় ব্যবহার করার প্রবণতা বাড়ছে। কারণ, নিরাপত্তা সম্পর্কে অনেক তথ্য আগে থেকেই জানা থাকে। ফলে নতুন ওষুধ তৈরির তুলনায় গবেষণার পথ কিছুটা সহজ হয়।

ভায়াগ্রাকে নিয়েও সেই সম্ভাবনাই এখন খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। তবে আপাতত এটুকুই বলা যায়— গবেষণাটি আশাব্যঞ্জক, কিন্তু ক্যানসারের চিকিৎসায় ভায়াগ্রার ব্যবহার এখনও বাস্তব নয়। ভবিষ্যতের বৃহৎ ক্লিনিক্যাল ট্রায়ালই ঠিক করে দেবে এই 'চমক' সত্যিই চিকিৎসাবিজ্ঞানে নতুন ইতিহাস লেখে কি না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement