প্রবল দাবদাহের মাঝেই আচমকা তুমুল বৃষ্টি নেমে আসে এক-একদিন। আর বৃষ্টি মানেই বাগানে আগাছার বাড়বাড়ন্ত, কাদা জমা। সবচাইতে যা চিন্তার, তা হল সাপেদের (snake in garden) আগমন! গ্রীষ্ম ও বর্ষার সন্ধিক্ষণে সাপের সংখ্যা বাড়ে। জানলা অথবা অন্য কোনও ফাঁক দিয়ে ঢুকে পড়ে ঘরের ভিতর। আর তারপর গৃহস্থ বেখেয়াল হলেই, ঘটে যেতে পারে ভয়াবহ বিপদ!
কিন্তু জানেন কি, সাপেরা যে এসে আস্তানা গেড়েছে বাড়ির বাগানে, চাইলে তা বুঝতে পারা যায় আগেই! কীভাবে বুঝবেন? রইল সহজ উপায়।
সাপেরা দীর্ঘ দিন কোনও জায়গায় বাস করলে, খোলস ছাড়বেই।
১। বাগানে থাকা পাখিরা হঠাৎই কিচিরমিচির করে উঠছে কি? অথবা কাঠবেড়ালিরা তীব্র স্বরে আওয়াজ করে উঠছে? বড় সাপেরা অনেক সময়েই এমন ছোট প্রাণীদের শিকার করে থাকে। তাই তাদের উপস্থিতি টের পেলে, বাগানের খুদে প্রাণীরা ভয়ার্ত ডাকাডাকি শুরু করে।
২। বাড়িতে থাকা পোষ্যটি কি বাগানে গেলেই সন্দিহান হচ্ছে? মাথা নুইয়ে শুঁকছে, বা ডেকে উঠছে থেকে থেকে? বিড়াল-কুকুরেরা মানুষের অনেক আগেই টের পেয়ে যায় সাপেদের উপস্থিতি। এমন কিছু হলে, সচেতন হয়ে উঠুন।
৩। সাপেরা দীর্ঘদিন কোনও জায়গায় বাস করলে, খোলস ছাড়বেই। বর্ষা আসার আগেই তাই লক্ষ্য রাখুন বাগানে। সাপ থাকলে, কখনও না কখনও এমন খোলস চোখে পড়বে।
৪। বাগানের মাটি অথবা ধুলোর মধ্যে দিয়ে সাপ চলাচল করলে, ভিজে ঘসটানো দাগ চোখে পড়বে। আঁকিবুঁকি চলার দাগ দেখেই বোঝা যাবে যে তা কেঁচো নয়, বরং সাপেদের উপস্থিতির প্রমাণ।
৫। বারান্দা বা ঘরের জানলার কাছে যদি একগাদা জিনিস বা আসবাব ডাঁই করে রাখা থাকে, তবে সচেতন হন সময় থাকতে। এমন অন্ধকার কোনেই বাসা বাঁধে সাপেরা। জিনিসপত্র গুছিয়ে রাখলে সেই সম্ভাবনা কমে। এমনিতেও ঘরের ভিতর হাওয়া চলাচল করতে সুবিধা হয়।
জানলার কাছে যদি একগাদা জিনিস ডাঁই করে রাখা থাকে, তবে সেখানে এসে বাসা বাঁধতে পারে সাপ।
৬। বাড়িতে বড় বাগান থাকলে অনেক সময়েই ঘরে ইঁদুর অথবা ব্যাঙ ঢুকে পড়ার সমস্যা থাকে। তাড়াতে রীতিমতো নাজেহাল হতে হয় গৃহস্থকে। যদি খেয়াল করেন যে আচমকাই তাদের সংখ্যা চোখে পড়ার মতো কম হয়েছে, তবে সাবধান! বাগানে হয়তো ঘাঁটি গেড়েছে কোনও নতুন অতিথি!
সময় থাকতে বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিন। অগোছালো জায়গা গুছিয়ে ফেলুন। তবে, সাপের সামনাসামনি হলে, হত্যা করার প্রবণতা না আনাই ভালো। সাম্প্রতিককালে সাপের সংখ্যা কমে যাচ্ছে দ্রুত, যা সামগ্রিক ইকোসিস্টেম বিঘ্নিত করে। সম্ভব হলে, বনদপ্তর বা সাপ সরিয়ে নিয়ে যেতে পারে, এমন কারও সাহায্য নিন।
