ভোটের মুখে রাম মন্দিরের কাজ সম্পূর্ণ না করেই উদ্বোধন করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসম্পূর্ণ সেই মন্দিরেই এতদিন ধরে চলছিল রামলালার পুজো। ২ বছরের ব্যবধানে অবশেষে সম্পূর্ণ হতে চলেছে রাম মন্দির। জানা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল মাসেই সম্পূর্ণ হবে মন্দির নির্মাণের কাজ। এই গোটা প্রকল্পের জন্য খরচ পড়বে ১৯০০ কোটি টাকা।
রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানান, অযোধ্যার রাম মন্দির নির্মাণ প্রকল্পের সমস্ত কাজ আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হবে। শনিবার দু'দিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গোটা প্রকল্পের মোট আনুমানিক খরচ ১,৯০০ কোটি টাকা। বৈঠকে নির্মাণ কাজের অগ্রগতি, বাকি থাকা কাজের সময়সীমা এবং চূড়ান্ত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে মিশ্র জানিয়েছেন, মন্দির নির্মাণে যুক্ত সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি) ও টাটা কনসালটেন্সি নির্ধারিত সময়সীমার মধ্যেই তাদের যাবতীয় কাজ শেষ করবে এবং এরপর মন্দির কমপ্লেক্স ছেড়ে যাবে। একই সঙ্গে ওই সময়ের মধ্যেই সমস্ত কাগজপত্রের নিষ্পত্তি ও বকেয়া বিল পরিশোধের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যয়ের হিসেব তুলে ধরে নৃপেন্দ্র মিশ্র বলেন, গোটা রাম মন্দির প্রকল্পে আনুমানিক খরচ ধরা হয়েছে ১,৯০০ কোটি টাকা, যার মধ্যে জিএসটি-সহ প্রায় ১,৬০০ কোটি টাকা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। বাকি থাকা কাজের সময়সীমা ও তা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসমাপ্ত মন্দির এভাবে উদ্বোধন করার ঘটনায় কম বিতর্ক হয়নি। শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ এই ঘটনার বিরুদ্ধে সরব হন। কড়া সুরে তিনি জানান, সম্পূর্ণ মন্দির নির্মাণ না করে এভাবে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা গুরুতর অপরাধ। গোটা ঘটনাকে ভোটের রাজনীতি বলে তোপ দেগেছিল বিরোধী শিবির। অবশেষে নির্মিত হচ্ছে সেই রাম মন্দির।
