ভারত মহাসাগরে চিনের বাড়বাড়ন্ত রুখতে এবার ঐতিহাসিক চুক্তির পথে প্রতিরক্ষা দপ্তর। জার্মানির সঙ্গে হাত মিলিয়ে অত্যাধুনিক ডুবোজাহাজ তৈরি করতে চলেছে ভারত। নয়া এই প্রকল্পের নাম 'প্রজেক্ট ৭৫ আই'। ভারত-জার্মানি সামরিক সহযোগিতার মাধ্যমে এই প্রতিরক্ষা চুক্তির খরচ পড়বে প্রায় ৭২ হাজার কোটি টাকা। অনুমান করা হচ্ছে মার্চ মাসের শেষের দিকেই সম্পন্ন হবে এই চুক্তি।
জানা যাচ্ছে, ৯০-এর দশকের শেষ দিকে এই প্রকল্প শুরু হলেও নানা কারণে দফায় দফায় পিছিয়ে যায় ভারত-জার্মানির এই সামরিক যুক্তি। প্রায় ২ দশক ধরে ধমকে থাকার পর অবশেষে চুক্তির পথের কাঁটা পুরোপুরি সাফ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মার্চ মাসেই সম্পন্ন হবে চুক্তিটি। এর মাধ্যমে জার্মানির Type 214 ডিজাইনের অত্যাধুনিক ৬টি সাবমেরিন তৈরি করা হবে। সাবমেরিনগুলি পুরোপুরি তৈরি করা হবে ভারতে। যার প্রযুক্তি ও নকশা দেবে জার্মানি। সাবমেরিন ৬০ শতাংশই নির্মিত হবে স্বদেশী উপকরণে। যা 'মেক ইন ইন্ডিয়ার' জন্য বড় সাফল্য। পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালের মধ্যে সবকটি সাবমেরিন হাতে পাবে নৌসেনা।
পুরো প্রকল্পের আনুমানিক খরচ পড়বে ৭২ হাজার কোটি টাকা। অর্থাৎ এখনও পর্যন্ত এটাই হতে চলেছে ভারতের সবচেয়ে বড় সামরিক চুক্তি। এর আগে দেশের বৃহত্তম সামরিক চুক্তি ছিল ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে রাফালে বিমান চুক্তি। যার খরচ পড়েছিল ৫৮ হাজার কোটি টাকা। আসলে বর্তমানে নৌসেনায় ডুবোজাহাজের বড়সড় ঘাটতি রয়েছে। যেগুলি এখনও কাজ চালিয়ে যাচ্ছে তার বেশিরভাগটাই বৃদ্ধ। ফলে সমসাময়িক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক ডুবোজাহাজের দাবি নৌসেনার দীর্ঘদিনের।
এসবের মাঝেই ভারত মহাসাগরে চিনা আগ্রাসন মাত্রাছাড়া হয়েছে। নৌশক্তিও আগের চেয়ে আরও বাড়িয়েছে ড্রাগন। এই অবস্থায় ভারতও জলের নীচে আরও শক্তিশালী নজরদারি ও আঘাত করার ক্ষমতা অর্জন করতে চাইছে। জার্মানির সঙ্গে হাত মিলিয়ে ভারতের তৈরি এই ৬ অত্যাধুনিক ডুবোজাহাজ ভারত মহাসাগরে চিনের দম্ভ ভাঙতে কার্যকরি ভূমিকা নেবে বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
