শুক্রবার বিজেপিতে যোগদান করেছেন রাঘব চাড্ডা-সহ ৭ আম আদমি পার্টির (আপ) সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। এর জেরে শনিবার পাঞ্জাবে তাঁর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখালেন একদল ক্ষুব্ধ আপ সমর্থক। শুধু তা-ই নয়, হরভজনের বাড়ির বাইরের দেওয়ালে লেখা হল ‘গদ্দার’।
দীর্ঘ ১৫ বছর আপের সঙ্গে থাকার পর শুক্রবার দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন রাঘব। যোগ দেন বিজেপিতে। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরমুখী হয় আরও ৬ আপ সাংসদ। তাঁরা হলেন - স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজেপিতে যোগ দিতেই ক্ষোভে ফেটে পড়েন পাঞ্জাবের আপ কর্মী- সমর্থকরা। শনিবার জলন্ধরে তাঁর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। কালো রং দিয়ে বাড়ির বাইরের দেওয়ালে তাঁরা লিখে দেন ‘গদ্দার’। যদিও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না হরভজন।
এদিকে হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্যসভাপতি নবীন জয়হিন্দ দাবি করেছেন, পাঞ্জাবে সরকার ভেঙে যেতে পারে আপের। একযোগে দল ছাড়তে পারেন ২৮ জন আপ সাংসদ। তাঁর দাবি, যে সাংসদরা আপ ছেড়েছে তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে। কয়েকজনকে তো মারধোরও করা হয়েছে। এই ঘটনার জেরে দলের অন্দরে অসন্তোষ চরম আকার নিয়েছে। তাঁর দাবি, পরিস্থিতি শুধু রাজ্যসভায় আটকে নেই, পাঞ্জাবেও আপের হাল গুরুতর। ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। জয়হিন্দের এই দাবি সামনে আসার পর পাঞ্জাবের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
