মদ্যপ অবস্থায় নিজের তিন বছরের পুত্র সন্তানকে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। খুনের পর নিজেও আত্মঘাতী হন অভিযুক্ত।
পরিবার সূত্রে খবর, যুবকের নাম প্রেম সিং (৩৮)। সম্প্রতি এক রাতে তিনি একটি বিয়েবাড়ি থেকে মদ্যপ অবস্থায় ফিরেছিলেন। এর জেরে নিজের মা এবং বউয়ের সঙ্গে তাঁর আশান্তি বেঁধে যায়। বেশ কিছুক্ষণ বিবাদ চলার পর প্রত্যেকেই শুয়ে পড়েন। কিন্তু রাগে তখনও অগ্নিশর্মা হয়ে ছিলেন প্রেম। অভিযোগ, মধ্যরাতে তিনি তাঁর সন্তানকে নিয়ে পাশের ঘরে চলে যান। সেখানেই গলা কেটে তাকে খুন করেন। তারপর গলায় দড়ি দিয়ে নিজে আত্মঘাতী হন। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় প্রেমের স্ত্রীয়ের। ছেলেকে না দেখতে পেয়ে সন্দেহ হয় তাঁর। তড়িঘড়ি তাকে খুঁজতে পাশের ঘরে যান তরুণী। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। জানলা দিয়ে উঁকি মারতেই হাড়হিম হয়ে যায় তাঁর।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে। এরপর দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সার্কেল আধিকারিক রামবীর সিং বলেন, "দরজা ভেঙে ঘরে প্রবেশ করি দেখি প্রেম গলায় দড়ি দিয়ে ঝুলছেন। রক্তের পুকুরে ভাসছে তাঁর তিন বছরের সন্তান।"
