shono
Advertisement
NEET Paper Leak Case

ধর্মেন্দ্রর ইস্তফা ছাড়া আলোচনা নয়, কেন্দ্রের প্রস্তাব ফেরাল অনড় বিরোধীরা, ফের সংসদে হট্টগোল

সংসদের বাইরে সম্মুখসমরে চলে এলেন শাসক ও বিরোধী শিবিরের সাংসদরা।
Published By: Subhajit MandalPosted: 11:25 AM Jul 23, 2026Updated: 01:27 PM Jul 23, 2026

প্রশ্নফাঁস (NEET Paper Leak Case) ইস্যুতে আলোচনা নিয়ে কেন্দ্র যখন ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, তখন বিরোধীরা নিজেদের আগের অবস্থানেই অনড়। যার জেরে বৃহস্পতিবার ফের হট্টগোল সংসদে। সংসদের বাইরে সম্মুখসমরে চলে এলেন শাসক ও বিরোধী শিবিরের সাংসদরা।

Advertisement

বুধবার রাতেই কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, বিরোধীরা চাইলে সংসদে নিট, প্রশ্নফাঁস-সহ যাবতীয় ইস্যুতে সংসদে আলোচনা হতে পারে। কতক্ষণ এ নিয়ে আলোচনা হবে, কবে হবে, সবটাই ঠিক করবে বিরোধী শিবির। সরকার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। কিন্তু বিরোধী শিবিরের সাফ শর্ত, কোনওরকম আলোচনা শুরু করার প্রাথমিক শর্তই হল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে আলোচনা শুরু হতে পারে না। ফলে সার্বিকভাবে সংসদের অচলাবস্থা কাটল না। এদিন ফের বিরোধীদের হট্টগোলের জেরে অধিবেশন মুলতুবি করে দিতে হয়।

সেই একই দাবিতে বৃহস্পতিবার সকালেও সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখায় বিরোধী শিবির। ধর্মেন্দ্রর ইস্তফার দাবি, পড়ুয়াদের উপর নির্যাতনে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। তবে এদিন পালটা বিক্ষোভ দেখায় শাসক শিবিরও। রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ এবং পড়ুয়াদের নিয়ে রাজনীতির অভিযোগে পালটা স্লোগান শুরু করেন শাসক শিবিরের সাংসদরাও। ফলে মকর দ্বারের সামনে সম্মুখসমরে চলে আসে দুই শিবির।

অধিবেশন শুরুর পরও সেই চেনা ছবি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে স্লোগান শুরু করে বিরোধীরা। ওয়েলে নেমে পড়েন বহু বিরোধী সাংসদ। স্পিকার ওম বিড়লা আশ্বাস দেন এই ইস্যুতে সরকারও আলোচনা চায়। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। স্লোগান চলতে থাকে। অগত্যা অধিবেশন মূলতুবি করে দেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement