খেলার ছলে লিফটে উঠেছিল ৭ বছরের শিশু। কোনওভাবে লিফটের দু'টি দরজার মাঝে আটকে পড়েছিল সে। হাজার চেষ্টাতেও কিছুতেই নিজেকে মুক্ত করতে পারেনি। শেষ পর্যন্ত দমবন্ধ হয়ে সেখানেই মৃত্যু হল শিশুটির। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহরাষ্ট্রের পুণে (Pune) শহরের একটি বহুতলে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম শিবাংশ শৈলে ধুত। পুনের সিনহগড় রোড সংলগ্ন নিম্বাজনগর এলাকার ‘রিদ্ধি সিদ্ধি অ্যাপার্টমেন্ট' দুর্ঘটনা ঘটে। সোমবার রাতে খেলতে খেলতে আবাসনের লিফটে উঠে পড়েছিল সাত বছরের শিবাংশ। কৌতূহলবশে লিফটের বেশ কয়েকটি বোতাম একসঙ্গে টিপে দিয়েছিল সে। এর পরই ভয়ংকর কাণ্ড হয়। লিফটটি স্বয়ংক্রিয়ভাবে ওঠা-নামা করতে শুরু করে। ওই সময় লিফটের মূল দরজা এবং কোলপসিবল গেটের মাঝে আটকে পড়েছিল শিবাংশ।
এদিকে ঘণ্টা দেড়েকের বেশি ছেলের হদিশ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। আবাসনের অন্য বাসিন্দারাও শিবাংশের খোঁজ করেন। একটা সময় লিফটের দরজায় আটকা অবস্থায় শিশুটিকে খেয়াল করেন তাঁরা। রক্তাক্ত এবং সংজ্ঞাহীন অবস্থায় শিবাংশকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান ইতিমধ্যে মৃত্যু হয়েছে শিশুটির। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। লিফটে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
