৮৫ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ২৫ মিনিটের দীর্ঘ বাজেট ভাষণ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। অথচ সেখানে বাংলা নিয়ে কোনও প্রকল্প কিংবা আর্থিক বরাদ্দের কথা ঘোষণা হয়নি। তাতে কার্যত আশাহত বঙ্গবাসী। বাজেটের সমালোচনায় সুর চড়িয়েছে রাজ্যের শাসক শিবির তৃণমূল। দিল্লিতে সংসদের বাইরে দাঁড়িয়ে নির্মলার বাজেট ভাষণকে 'ভাট বকেছেন' বলে তোপ দেগেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বহিখাতা হাতে নির্মলা সীতারমণ
অভিষেক বলেন, "বাংলার জন্য কোন বরাদ্দ, প্রকল্প কিছুই আনেনি এই বাজেট। বাংলার কৃষক, শ্রমিক, তফসিলি কারও জন্য কিছু নেই। যুবসমাজের কর্মসংস্থানেও কিছু নেই। ৮৫ মিনিট ভাট বকে কাটিয়ে দিয়েছেন। পুরনো কিছু বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ।" বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও একই সুর। তিনি বলেন, "ওরা জানে বাংলার থেকে কিছু পাওয়ার নেই। তাই বাংলার জন্য কিছুই করতে পারল না।" তৃণমল সাংসদ সৌগত রায়ের মুখেও একই হতাশার সুর। তিনি বলেন, "কিছু নেই। বাংলার কথাটাও নেই।"
অভিষেক বলেন, "বাংলার জন্য কোন বরাদ্দ, প্রকল্প কিছুই আনেনি এই বাজেট। বাংলার কৃষক, শ্রমিক, তফসিলি কারও জন্য কিছু নেই। যুবসমাজের কর্মসংস্থানেও কিছু নেই। ৮৫ মিনিট ভাট বকে কাটিয়ে দিয়েছেন। পুরনো কিছু বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ।"
উল্লেখ্য, এবারের বাজেটে মূলত আত্মনির্ভরতায় জোর দিয়েছে মোদি সরকার। যে কারণে ইচ্ছাকৃতভাবে কিছু পণ্যের আমদানি কর বাড়ানো হচ্ছে। আবার কিছু কিছু পণ্যের যন্ত্রাংশ, বা সামগ্রীর উপর আমদানি কর কমানো হয়েছে। ফলে কিছু বিদেশি পণ্যের দাম বাড়তে পারে। কমতে পারে ভারতে তৈরি পণ্যের দাম। এবারের বাজেটেও হতাশা নেশাড়ুদের জন্য। মদ, বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্যের দাম বাড়ছে। চিকিৎসাক্ষেত্রে বেশ কিছু ওষুধের দাম কমানোটা আমজনতাকে স্বস্তি দেবে।
যদিও এবারের বাজেটে করদাতাদের জন্য সেভাবে বড় কোনও ঘোষণা না থাকায় খানিকটা হলেও হতাশ মধ্যবিত্ত। তিনি ঘোষণা করেছেন, ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ আগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ থাকছে। আরও সরলীকরণ করা হবে কর কাঠামো। সব মিলিয়ে করদাতারা হতাশই। আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট, সেদিকেই এখন নজর বঙ্গবাসীর।
