shono
Advertisement
Union Budget 2026

নীতীশ, চন্দ্রবাবুদের খুশি করাই লক্ষ্য, নির্মলার বাজেটে বড় প্রাপ্তি নেই বাংলা-সহ ভোটমুখী রাজ্যগুলির

বিহারে নীতীশ কুমারের জেডি (ইউ), অন্ধ্রে চন্দ্রবাবু নাইডুর টিডিপির সমর্থনের জোরে দিল্লিতে সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদি। সুতরাং শরিকদের তুষ্ট রাখার কৌশলই নিয়েছে বিজেপি।
Published By: Subhodeep MullickPosted: 12:06 PM Feb 02, 2026Updated: 12:39 PM Feb 02, 2026

সামনেই চার রাজ্যের বিধানসভা ভোট থাকায় এবারের কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) সেখানকার ভোটারদের মন জয়ে কল্পতরু হবেন নরেন্দ্র মোদি। এমন প্রত্যাশা ছিল নানা মহলে। কিন্তু এমন ধারণা, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রতিফলিত হয়নি বাজেটে। পশ্চিমবঙ্গের জন্য সামান্য কয়েকটি ঘোষণা ছাড়া কোনও চমকই নেই নির্মলা সীতারামনের ভাষণে।

Advertisement

নির্মলার ঘোষণা, দুর্গাপুরকে মাথায় রেখে একটি ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হবে। ৫টি শহরে ট্যুরিজম কেন্দ্র হবে। একটি পাবে পশ্চিমবঙ্গ। বাকিগুলি হবে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে। গুজরাতের সুরাট থেকে পশ্চিমবঙ্গের ডানকুনি পর্যন্ত নয়া ফ্রেট করিডর হবে। ফলে দেশের পশ্চিম ও পূর্ব প্রান্তের দু'টি রাজ্যের মধ্যে সরাসরি রেল সংযোগ তৈরি হবে। পণ্য চলাচল ও পরিকাঠামো, লজিস্টিকস সংক্রান্ত নয়া করিডর হবে। এছাড়া একাধিক শহরের মধ্যে সাতটি হাই স্পিড রেল করিডরের ঘোষণা করেছেন 'সমৃদ্ধি, যেগুলিকে উন্নয়নের কানেক্টর' বলে উল্লেখ করেছেন নির্মলা। এগুলির একটি পাচ্ছে পশ্চিমবঙ্গ। একটি রেল করিডর হচ্ছে বারাণসী ও শিলিগুড়ির মধ্যে। কিন্তু ওই পর্যন্তই।

এ রাজ্য বাদে বাকি তামিলনাড়, কেরল, ওড়িষা, অন্ধ্রপ্রদেশে তৈরি হবে বিরল খনিজ সম্পদ করিডর। নির্মলা বলেছেন, বিরল খনিজ ম্যাগনেট স্কিম চালু হয়েছিল গত নভেম্বর। এবার খনিজ পদার্থের ঘাঁটি চার রাজ্য ওড়িষা, কেরল, অন্ধ্র, তামিলনাড়ুর মধ্যে ডেডিকেটেড রেয়ার আর্থ করিডর হবে যাতে মাইনিং, প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং ও গবেষণায় গতি আসে। ঘটনাচক্রে কেরল, তামিলনাড়ুতে বিজেপি ভোটবাক্সে ফায়দা তোলার নানা কৌশল নিচ্ছে। তারই অঙ্গ হিসাবে হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু রেল করিডর হচ্ছে। পাশাপাশি নারকেলকে কেন্দ্র করে ব্যবসায় জোর দেওয়ার কথা রয়েছে বাজেটে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, বিহারের ভোট মাথায় রেখে গত বাজেটে নীতীশকুমারের রাজ্যের জন্য মাখানা বোর্ড তৈরি সহ গ্রিনফিল্ড বন্দর, পটনা বিমানবন্দর সম্প্রসারণের ঘোষণা করেছিলেন নির্মলা। বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, প্রসেসিং, ইনোভেশনের ঘোষণাও করেছিলেন। ঘটনাচক্রে বিহারে নীতীশ কুমারের জেডি (ইউ), অন্ধ্রে চন্দ্রবাবু নাইডুর টিডিপির সমর্থনের জোরে দিল্লিতে সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদি। সুতরাং শরিকদের তুষ্ট রাখার কৌশলই নিয়েছে বিজেপি। টিডিপি শাসিত অন্ধ্র পাচ্ছে একটি ডেডিকেটেড রেয়ার আর্থ করিডর, দু'টি হাই স্পিড রেল করিডর। বিশাখাপত্তনমে গুগল তৈরি করছে একটি হাইপারস্কেল ডেটা কেন্দ্র। এজন্য ২০৪৭ পর্যন্ত কেন্দ্র ট্যাক্স হলিডেও ঘোষণা করেছে। এদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর দাবি করেছেন, নির্মলার বাজেটে কেরলের জন্য তেমন কিছুই দেওয়া হয়নি। ক্ষুব্ধ তামিলনাড়ুও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement