shono
Advertisement
Uttar Pradesh

একগুচ্ছ প্রকল্পের ঘোষণা, বিজ্ঞান-প্রযুক্তির মেগা বাজেটে নয়া উত্তরণ যোগীরাজ্যে

যোগী আদিত্যনাথের সরকার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে একগুচ্ছ উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের কথা ঘোষণা করেছে। লক্ষ্য স্পষ্ট— রাজ্যকে দেশের অন্যতম প্রধান তথ্যপ্রযুক্তি এবং উদ্ভাবন কেন্দ্রে পরিণত করা। ডিজিটাল স্বনির্ভরতার লক্ষ্যে এই মেগা বাজেট উত্তরপ্রদেশকে এক নয়া উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Published By: Buddhadeb HalderPosted: 05:16 PM Feb 20, 2026Updated: 05:34 PM Feb 20, 2026

প্রযুক্তির হাত ধরে ভোলবদল হতে চলেছে উত্তরপ্রদেশের। যোগী আদিত্যনাথের সরকার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে একগুচ্ছ উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের কথা ঘোষণা করেছে। লক্ষ্য স্পষ্ট— রাজ্যকে দেশের অন্যতম প্রধান তথ্যপ্রযুক্তি এবং উদ্ভাবন কেন্দ্রে পরিণত করা। ডিজিটাল স্বনির্ভরতার লক্ষ্যে এই মেগা বাজেট উত্তরপ্রদেশকে এক নয়া উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

এই বাজেটের অন্যতম আকর্ষণ ‘উত্তরপ্রদেশ এআই মিশন’। কেন্দ্রের ইন্ডিয়া এআই মিশনের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ানো হবে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশাসনের কাজেও এআই-কে হাতিয়ার করা হচ্ছে। লখনউ ও গৌতম বুদ্ধ নগরে গড়ে উঠছে বিশেষ ‘ইউ-হাব’। এই সেন্টারগুলি মূলত স্টার্টআপ এবং তরুণ উদ্ভাবকদের আঁতুড়ঘর হিসেবে কাজ করবে। এখানে মিলবে অত্যাধুনিক প্রযুক্তির সুযোগ, পরামর্শ ও বিনিয়োগের সুবিধা।

প্রযুক্তিগত শিক্ষার বুনিয়াদ মজবুত করতে রাজ্যে নতুন পলিটেকনিক কলেজ তৈরি হচ্ছে। পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলিরও খোলনলচে বদলে ফেলা হবে। ড্রোন প্রযুক্তি, রোবোটিক্স, ব্লকচেইন এবং আইওটি-র মতো আধুনিক বিষয় নিয়ে গবেষণা ও প্রশিক্ষণে বিশেষ জোর দিচ্ছে রাজ্য। ‘টেক যুবা সমর্থ যুবা’ প্রকল্পের মাধ্যমে দক্ষ যুবকদের কর্মসংস্থান এবং ব্যবসার নতুন সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নিরাপদ ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা পরিকাঠামো আরও শক্তিশালী করছে যোগী সরকার। জেলা ও তহশিল স্তরে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে উত্তরপ্রদেশ স্টেটওয়াইড এরিয়া নেটওয়ার্ক (UPSWAN-3) সম্প্রসারিত হচ্ছে। তথ্যভাণ্ডার সুরক্ষিত রাখতে স্টেট ডেটা সেন্টার ও ডেটা সেন্টার ক্লাস্টার তৈরি করা হচ্ছে। এমনকী প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় কৃত্রিম উপগ্রহ এবং সেন্সর ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। বজ্রপাত বা ঝড়ের পূর্বাভাস দিতে স্যাটেলাইট পেলোড মোতায়েন করা হবে। সব মিলিয়ে, ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে আগামী দিনে এক শক্তিশালী ও আধুনিক উত্তরপ্রদেশ গড়ার সংকল্প নিয়েছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement