shono
Advertisement
Uttar Pradesh

জলের ট্যাঙ্কে উঠে রিল বানানোর নেশা কাড়ল প্রাণ, আটকে আরও দুই যুবক, উদ্ধারে বায়ুসেনা

উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার উদ্ধারকাজের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে বায়ুসেনা। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
Published By: Kishore GhoshPosted: 04:40 PM May 03, 2026Updated: 04:42 PM May 03, 2026

দুঃসাহসিক রিল বানাতে গিয়ে ভয়ংকর ঘটনা। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় পাঁচ যুবক রিল বানানোর জন্য স্থানীয় একটি জলের ট্য়াঙ্কে ওঠার চেষ্টা করে। ওঠার সময় জং ধরা পুরনো ট্যাঙ্কের সিঁড়ির একাংশ ভেঙে পড়ে। এর পরেও অবশ্য দুই যুবক কোনও মতে উপরে উঠে পড়ে। বাকি তিন জন নিচে পড়ে যান। তাঁদের মধ্যে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দু'জন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ট্যাঙ্কের মাথায় চড়ে বসা দুই যুবক কিছুতেই নিচে নামতে পারছিলেন না। ষোলো ঘণ্টা সেখানে আটকে ছিলেন তাঁরা। ঘটনার খবর পায় জেলা প্রশাসন। তাঁদের অনুরোধে আসরে নামে বায়ুসেনা। শেষ পর্যন্ত বায়ুসেনার একটি হেলিকপ্টার বেশ কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করল দুই যুবককে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর একটা নাগাদ সোশাল মিডিয়ার জন্য রিল বানাতে কাশিরাম আবাসিক কলোনির পুরনো ট্যাঙ্কে ওঠা শুরু করে পাঁচ যুবক। সেই সময় সিঁড়ি ভেঙে নিচে পড়ে যান তিন জন। তাঁদের মধ্যে একজন সিদ্ধার্থের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি দু'জন শানি ও গোলু গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা মাধব প্রসাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ট্যাঙ্কের মাথায় চড়ে বসা দুই যুবক পবন ও কাল্লু চরম বিপত্তিতে পড়েন। কারণ নিচে নামার কোনও রাস্তা ছিল না। খবর পেয়ে উদ্ধারের চেষ্টা চালায় স্থানীয় পুলিশ ও দমকল। ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও।

বিকল্প সিঁড়ি তৈরি করে নামানোর চেষ্টা হয় দুই তরুণকে। যদিও প্রবল বৃষ্টি সেই কাজে বাঁধা হয়ে দাঁড়ায়। এভাবেই রাত কাবার হয়ে যায়। শেষ পর্যন্ত জেলা প্রশাসন বায়ুসেনাকে উদ্ধারকাজে সাহায্যের জন্য অনুরোধ করে। ১৬ ঘণ্টা পেরিয়ে বায়ুসেনার একটি হেলিকপ্টার উদ্ধার করল জলের ট্যাঙ্কের মাথায় আটকে পড়া দুই যুবক পবন ও কাল্লুকে। ১৫ মিনিটের অপারেশনে দড়ির সাহায্যে কপ্টারে টেনে তোলা হয় তাঁদের। দু'জনেই সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। উদ্ধারকাজের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে বায়ুসেনা। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement