শহরের নিরাপত্তায় জোর কলকাতা পুলিশের। বিভিন্ন জায়গায় অনরোড পুলিশিং চালিয়ে গুজরাটের ছয়জনকে গ্রেপ্তার করল লালবাজার। তাৎপর্যপূর্ণভাবে আজ শনিবার সন্ধ্যায় পথে নেমে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। পাশাপাশি রাস্তায় কত পুলিশ আছে, তাও খতিয়ে দেখেন তিনি।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি জায়গায় পুলিশের তরফে অ্যান্টি ক্রাইম ড্রাইভ চালানো হয়। এই অভিযান চলাকালীন পার্ক সার্কাস এলাকা থেকে দু'জন এবং হেস্টিংস এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মহম্মদ শাহনওয়াজ, মহম্মদ সামির, অনিল রামজু সালাত, ধিরু কালোভাই সালাত, সামির ভাই সালাত, রাজু কুমার।পুলিশ সূত্রে খবর, ধৃতরা গুজরাটের গ্যাং। ধৃতরা সবাই কেপমার। বিভিন্ন অছিলায় পথচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ায় অভ্যস্ত। ধৃতদের জেরা করে এই বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
সূত্রে খবর, আগামিদিনেও এমন অভিযান আরও চালানো হবে। অন্যদিকে এদিন শহরের বিভিন্ন বড় মোড় ঘুরে দেখার পাশাপাশি শপিং মলগুলির নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন সুপ্রতিম সরকার। জোর দেন মহিলা সুরক্ষাতেও। পুলিশ কমিশনার জানিয়েছেন, রাস্তায় বেরিয়ে প্রত্যেক নাগরিক যাতে নিরাপদ বোধ করেন, সেটা আমাদের কাছে অগ্রাধিকার। অসুবিধায় পড়লেই মহিলারা যাতে সাহায্য পান, তা নিশ্চিত করতে চাই। সবসময় কলকাতা পুলিশ তাঁদের পাশে আছে। সুপ্রতিম সরকার বলেন, ''রাস্তায় বেরিয়ে যাতে মহিলারা নিরাপদ বোধ করেন, তাই এই টহলদারি। এমনকী নির্দিষ্ট সময় কিংবা ক্রসিংয়ে না, দিনভর যাতে পুলিশের উপস্থিতি নজর পড়ে সেই চেষ্টা চালানো হচ্ছে।''
