shono
Advertisement
Maa Canteen

মমতার 'মা ক্যান্টিন' এবার হচ্ছে 'মা আহার', সপ্তাহে দু'দিন ডিম-দু'দিন মিলবে মাছ

এবার থেকে মা আহারে দু'দিন মাছ-দু'দিন ডিম, বাকি ৩ দিন সবজি ভাত। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, এবার থেকে মা ক্যান্টিনের নাম হবে মা আহার।
Published By: Subhajit MandalPosted: 02:05 PM Jun 03, 2026Updated: 02:41 PM Jun 03, 2026

মমতা জমানায় চালু হওয়া মা ক্যান্টিন এবার 'মা আহার'। বঙ্গের নতুন বিজেপি সরকার মা ক্যান্টিনের নাম বদলে দিল। তবে এই প্রকল্প এবার আরও বৃহত্তর আকারে আত্মপ্রকাশ করতে চলেছে। রাজ্যের সব প্রান্তেই এবার পাঁচ টাকায় মিলবে পেটপুরে আহার। সব মিলিয়ে ৫০০ 'মা আহার' কেন্দ্রের কথা ঘোষণা করল সরকার।

Advertisement

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, এবার থেকে মা ক্যান্টিনের নাম হবে 'মা আহার'। গোটা রাজ্যে আরও ৫০০টি মা আহার কেন্দ্র খোলা হবে। সেখানেই পাঁচ টাকাতেই পেটপুরে মধ্যাহ্নভোজন সারবেন আমজনতা। একই সঙ্গে 'মা আহারে'র মেনুতেও বদল আনা হচ্ছে। এবার থেকে ওই 'মা আহার' কেন্দ্রগুলি থেকে সপ্তাহে দু'দিন করে মাছ, সপ্তাহে দু'দিন করে ডিম খাওয়ানো হবে। বাকি তিনদিন খাওয়ানো হবে বিশুদ্ধ নিরামিষ আহার। মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল, রাজ্যের কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। অন্তত যে সব প্রকল্পে আমজনতা উপকৃত হন, তেমন কোনও প্রকল্প বন্ধ করা হবে না। বরং সেগুলিকে আরও বৃহত্তর আকারে প্রসারিত করা হবে। সেই মতোই নবরুপে 'মা আহার' হয়ে আত্মপ্রকাশ করল মা ক্যান্টিন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের গরিব ও দুঃস্থ মানুষদের মাত্র ৫ টাকায় দুপুরের খাবার দেওয়ার জন্য ২০২১ সালে মা ক্যান্টিন প্রকল্পটি চালু করে তৃণমূল সরকার। মমতা জমানায় মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেন, মা ক্যান্টিনে গরিব মানুষদের মাছ-ভাত খাওয়ানো হবে। সেই মতোই সপ্তাহে দু'দিন করে মাছ-ভাত খাওয়ানো শুরু হয় এই কেন্দ্রগুলিতে। এবার মা আহারের সাতদিনের মেনু ঠিক করে দিল শুভেন্দু সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement