shono
Advertisement
Ram Navami

হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিল হাই কোর্ট, বেঁধে দেওয়া হল একাধিক শর্ত

সর্বাধিক ৫০০ জন ব্যক্তিকে নিয়ে শোভাযাত্রা করা যাবে। কোনও ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না।
Published By: Monishankar ChoudhuryPosted: 04:20 PM Mar 20, 2026Updated: 05:49 PM Mar 20, 2026

হাওড়ার কাজিপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ২৬ মার্চ এই শোভাযাত্রার অনুমতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, সর্বাধিক ৫০০ জনকে নিয়ে শোভাযাত্রা করা যাবে। কোনও ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না। তবে অংশগ্রহণকারীরা প্রতীকী অস্ত্র ব্যবহার করতে পারবেন। শোভাযাত্রার সময়সীমাও স্থির করে দিয়েছে উচ্চ আদালত।

Advertisement

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে রামনবমীর শোভাযাত্রা করতে হবে। ২৬ মার্চ বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে।

ভোট ঘোষণা হয়ে গিয়েছে বঙ্গে। এমন আবহে যাতে রামনবমী পালন করা নিয়ে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসনও।

হাওড়ার কাজিপাড়ায় রামনবমীর শোভাযাত্রা করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু শোভাযাত্রার রুট নিয়ে আপত্তি তুলে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই শোভাযাত্রার অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন আয়োজকরা। এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, গত বছর এই একই রুটে রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিয়েছিল হাই কোর্ট। এবার ফের রাজ্যের তরফে শোভাযাত্রার রুট নিয়ে আপত্তি তোলা হয়। এই ধরনের আপত্তি নতুন করে সংশয়ের জন্ম দিতে পারে বলে পর্যবেক্ষণ হাই কোর্টের।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে আইনজীবী কৃষ্ণেন্দু সরকার ও অনিন্দ্য সুন্দর দাস জানিয়েছেন, এই শোভাযাত্রার সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। গত বছর ৫০০ জনকে নিয়ে শোভাযাত্রা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এবছর পুলিশ শোভাযাত্রার অনুমতি দিচ্ছে না।

আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "সংবিধানের ১৯ নম্বর ধারা অনুযায়ী সকলের শোভাযাত্রা করার অধিকার রয়েছে। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই শোভাযাত্রার উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১২ মার্চ পুলিশ যে রুটের কথা বলেছে, সেটা মানতে হবে। ২০০ জনের বেশি সমর্থক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না।" এরপরই রাজ্যের যুক্তি খারিজ করে আদালত জানায়, শোভাযাত্রার সামনে ও পিছনে যে গাড়ি থাকবে তাতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হবে শোভাযাত্রা। ৫০০ জন অংশগ্রহণকারীর ছবি-সহ পরিচয়পত্র আগে থেকে হাওড়া জেলার ডিসিপির কাছে পাঠাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১ এপ্রিল৷ ওই দিন রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷

রাজ্যে রামনবমী পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গিয়েছে বঙ্গে। এমন আবহে যাতে রামনবমী পালন করা নিয়ে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসনও। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা দায়িত্ব পাওয়ার পরেই এই নিয়ে বৈঠকও করেছেন। 


Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement