আজ, শনিবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। দুপুরে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের কথা। তার আগে ঘড়ির কাটা ১টার ঘরে যেতেই 'বন্ধ' জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট। কাজ করছে না কমিশনের অ্যাপ ইসিআইনেটও।
খুলছে না ওয়েবসাইট।
প্রায় ৪ মাস এসআইআর প্রক্রিয়া চলার পর আজ, 'অসমাপ্ত' চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। জাতীয় নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানা গিয়েছে, দুপুরে তালিকা প্রকাশ হবে অনলাইনে। সেই মতো ভোটারদের ভিড় https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে। অনেকে দেখছেন https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটটিও। কাজ করছে না সেটিও। কমিশন জানিয়েছিল নাম দেখা যাবে কমিশনের অ্যাপ ইসিআইনেটেও। কিন্তু কাজ করছে না, সেই অ্যাপও। সেখানে এপিক নম্বর দিলেই ঘুরছে 'চাকা'!
এদিকে অফলাইনে অর্থাৎ বিভিন্ন বুথ ও জেলাশাসকের অফিসে ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে এসআইআরের চূড়ান্ত তালিকা। ফাইনাল ভোটার লিস্ট থেকে কতজনের নাম বাদ পড়ে, সেদিকে নজর সকলের। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়া-সহ বিভিন্ন জেলায় এসআইআর তালিকা জেলাশাসকের হাতে পৌঁছে গিয়েছে। বুথে বুথে তা ঝোলানো হচ্ছে। কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় বাদ ১ লক্ষ ৩৫ হাজারের নাম।
উল্লেখ্য, এসআইআর শুরুর আগে রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়ায় নাম বাদ পড়েছে ৫৮ লক্ষের। খসড়া তালিকায় নাম আসে ৭ কোটি ৮ লক্ষের নাম। 'অসমাপ্ত' চূড়ান্ত তালিকাতেও থাকবে এই ভোটারদের নাম। তবে যাঁদের তথ্য যাচাই করা হয়নি তাঁদের পাশে লেখা রয়েছে 'বিচারাধীন'। সেই কাজ মিটে গেলে আবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। এদিকে ওয়েবসাইট না খোলায় বিপাকে পড়েছেন ভোটাররা।
