shono
Advertisement
Election Commision

বাঘাযতীনে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের, নজর বাসন্তীর ঘটনাতেও

ঘটনার পরেই বাসন্তী এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আতঙ্ক কাটাতে এলাকায় শুরু হয়েছে রুট মার্চ।
Published By: Kousik SinhaPosted: 06:22 PM Mar 26, 2026Updated: 06:26 PM Mar 26, 2026

বাঘাযতীন-কাণ্ডে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ঘটনার বিস্তারিত জানিয়ে এই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ঘটনায় স্থানীয় থানা কি পদক্ষেপ নিয়েছে তাও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বাঘাযতীনের ঘটনাতেই নয়, বাসন্তীর ঘটনাতেও এদিন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘটনার পরেই বাসন্তীতে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আতঙ্ক কাটাতে এলাকায় শুরু হয়েছে রুট মার্চ।

Advertisement

বলে রাখা প্রয়োজন, বুধবার মধ্যরাতে বাঘাযতীনের মতো ব্যস্ত এলাকায় প্রায় তিন রাউন্ড গুলি চলে বলে অভিযোগ স্থানীয়দের। জানা যায়, স্থানীয় এক যুবকের ফ্ল্যাটের ছাদে বসে যখন পার্টি চলছিল, সেই সময় কয়েকজন যুবক এসে এলোপাথাড়ি গুলি চালায় বলে দাবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। নিহতের নাম রাহুল দে। ঘটনায় আহত হন জিৎ মুখোপাধ্যায় নামে আরও এক যুবক। ইতিমধ্যে ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পাটুলি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, জুয়ার টাকা নিয়ে বচসার জেরেই এই ঘটনা। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। এরপরেই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে বিস্তারিত রিপোর্ট তলব করল কমিশন। 

অন্যদিকে এদিন বিজেপির প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বাসন্তীতে। অভিযোগ, বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রচারে বাধা দিলে অশান্তি চরমে ওঠে। এরপরই নতুন করে আক্রমণ-পালটা আক্রমণে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে জখম হন ৮ পুলিশকর্মী। যদিও এর সঙ্গে তাঁদের যোগ নেই বলেই দাবি তৃণমূলের। স্থানীয় নেতাদের কথায়, “বিজেপির বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাতেও এদিন জেলা পুলিশ প্রশাসনের কাছে কমিশনের তরফে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement