ফের আলিপুরে মনোনয়ন পেশ ঘিরে উত্তেজনা। বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান বিজেপি কর্মীরা। পাপিয়া অধিকারীর অভিযোগ, "১ ঘণ্টা হাজরা মোড়ে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ।" অন্যদিকে আলিপুর সার্ভে বিল্ডিং এলাকায় কড়া পাহারা পুলিশের। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে ব্যারিকেডে। সেখানে মুখোমুখি তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকরা। ব্যরিকেডের একদিক 'জয় শ্রীরাম' স্লোগান, অন্যদিকে উঠল 'জয় বাংলা' স্লোগান। দু'পক্ষের স্লোগানযুদ্ধে উত্তপ্ত আলিপুর সার্ভ বিল্ডিং চত্বর।
সোমবার পাপিয়া অধিকারীর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। প্রায় ১ ঘণ্টা হাজরা মোড়ে পাপিয়া অধিকারীর মিছিল আটকে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। টালিগঞ্জের বিজেপি প্রার্থীর অভিযোগ, "তৃণমূল, সিপিএম প্রার্থীরা সবাই মনোনয়ন দিতে পেরেছে। একমাত্র আমাদের আটকে রাখল পুলিশ। হাজরা মোড়ে দীর্ঘ ১ ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে আমাদের। পুলিশ তো তৃণমূলের মতো আচরণ করছে। ওরা কি চায় আমরা ভোট বয়কট করি? মনোনয়নটাই যদি দিতে না দেয়, ভোট হবে কী করে?" বিজেপি কর্মীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান পুলিশ আধিকারিকরা। যদিও পুলিশের দাবি, নিরাপত্তার কারণেই বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সরানো হচ্ছে। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়নি।
অন্যদিকে, আলিপুর সার্ভে বিল্ডিংয়ে এদিন মনোনয়ন জমা দেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার ও বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেও ছিল কড়া পুলিশি পাহারা। জানা গিয়েছে, আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনে থেকে জমায়েত হঠাতে এদিন সক্রিয় ছিল পুলিশ। বিপুল সংখ্যক বাহিনীও মোতায়েন ছিল ওই চত্বরে। যে দলই হোক না কেন, জমায়েত দেখলেই এলাকা খালি করেছে পুলিশ। চলেছে মাইকিং।
সূত্রের খবর, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির পর আজ আলিপুরে বাড়তি নজর ছিল পুলিশের। কড়া নজরে থাকা সত্ত্বেও সোমবার ফের উত্তপ্ত হয় আলিপুর সার্ভে বিল্ডিং চত্বর। ব্যরিকেডে ঘিরে রাখা এলাকাতে মুখোমুখি বচসা বাধে তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। ব্যারিকেডের একদিক 'জয় শ্রীরাম' স্লোগান, অন্যদিকে ওঠে 'জয় বাংলা' স্লোগান। দু'পক্ষের স্লোগানযুদ্ধে উত্তপ্ত আলিপুর সার্ভ বিল্ডিং চত্বর। ভবানীপুরকাণ্ডে ৪ পুলিশ আধিকারিকের সাসপেনশনের পর আজ আলিপুরে কড়া 'পাহারাদার'-এর ভূমিকায় দেখা গেছে পুলিশকে। তারপরেও সোমবার মনোনয়ন ঘিরে বিক্ষিপ্ত উত্তেজনা চোখে পড়ল।
