shono
Advertisement
West Bengal Assembly Election

ছাব্বিশের ভোটে টিকিট পাচ্ছেন কোন তারকারা, প্রার্থী তালিকা ঘোষণার আগে তুঙ্গে জল্পনা

এবারও কি প্রার্থী তালিকায় তারকার ভিড় নাকি অভিজ্ঞ রাজনীতিকদের উপর ভরসা রেখেই ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল ও বিজেপি, তা নিয়ে চলছে জোর জল্পনা।
Published By: Sayani SenPosted: 09:21 PM Feb 25, 2026Updated: 10:54 PM Feb 25, 2026

রাজ্যে আরও এক ভোটের লড়াইয়ের দামামা বেজে গিয়েছে। প্রস্তুতিও তুঙ্গে। ভোটযুদ্ধের আগে শাসক-বিরোধী উভয়েই নীল নকশা প্রায় ছকে ফেলেছে। কানাঘুষো শোনা যাচ্ছে, ২৯৪টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা মোটের উপর প্রায় নিশ্চিত। চমকও রয়েছে কিছু আসনে। তবে বিরোধীদের প্রস্তুতি তুলনামূলক অনেকটাই কম। প্রার্থী তালিকা নিয়ে জনমানসে কৌতূহলের শেষ নেই। এবারও কি প্রার্থী তালিকায় তারকার ভিড় নাকি অভিজ্ঞ রাজনীতিকদের উপর ভরসা রেখেই ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল ও বিজেপি, তা নিয়ে চলছে জোর জল্পনা।

Advertisement

প্রথমেই নজর রাখা যাক তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকার দিকে। শোনা যাচ্ছে, এবারও বারাকপুর কেন্দ্র থেকেই টিকিট পেতে পারেন রাজ চক্রবর্তী। ছবি নিয়ে ব্যস্ততা থাকলেও, বিধায়ক হিসাবে দায়িত্ব পালনে কোনও অবহেলা করেননি তিনি। এলাকায় জনসংযোগ রক্ষা থেকে উন্নয়ন - কিছুতেই খামতি রাখেন না। আবার সম্প্রতি রাজ্যের একাধিক প্রকল্পের কথা তুলে ধরা 'লক্ষ্মী এল ঘরে'র বিপুল সাফল্য যে তাঁর বিধায়কের টিকিট লাভের লড়াই খানিকটা মসৃণ করতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

একুশের নির্বাচনী প্রচারে রাজ চক্রবর্তী। ফাইল ছবি

শাসক শিবিরের 'গুড বুকে' রয়েছেন আরেক তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়। একসময়ে অভিনয়ই ছিল তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। তবে ঘাসফুল শিবিরে যোগ এবং বিধায়ক হওয়ার পর থেকে আর তেমন লাইট- ক্যামেরা-অ্যাকশন থেকে বেশ দূরে। আপাতত তিনি পুরোদমে নিজের বিধানসভা এলাকার মানুষদের পরিষেবা দিতেই ব্যস্ত। শোনা যাচ্ছে, ভালো কাজের পুরস্কার হিসাবে সায়ন্তিকাও ফের বরানগর থেকে টিকিট পেতে পারেন।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান। ফাইল ছবি

সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র এলাকায় কাজ করেননি তা নয়। তবে ক্ষোভও রয়েছে। এই পরিস্থিতিতে তিনি আদৌ টিকিট পাবেন কিনা, তা পুরোপুরি নিশ্চিত নয়। শীর্ষ নেতৃত্ব তাঁকে টিকিট দেওয়া নিয়ে আলোচনা করেছে। প্রার্থী তালিকা ঘোষণার আগেই তিনি দেওয়াল লিখন শুরু করেছিলেন। যা নিয়ে বিতর্কও বেশ মাথাচাড়া দেয়। পরে যদিও চাপের মুখে চুনকাম করে দেওয়াল লিখন মুছে ফেলেন তারকা বিধায়ক।

একুশের বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত লাভলি মৈত্র। ফাইল ছবি

ভোটের বাংলায় এমনিতেই হাইভোল্টেজ মেদিনীপুর। বর্তমানে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তিনিও নাকি টিকিট পেতে পারেন। তবে শোনা যাচ্ছে, এবার তাঁর কেন্দ্র বদল হতে পারে।

দলের কাজে ব্যস্ত বিধায়ক সোহম। ফাইল ছবি

এদিকে, শোনা যাচ্ছে, সদ্য মা হওয়া অদিতি মুন্সিও নাকি এবার বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন। খুদের দায়িত্ব সামলে তিনি আদৌ ভোটে দাঁড়াতে চাইবেন কিনা, তা এখনও জানা যায়নি। যদি অদিতি প্রার্থী হতে না চান, তবে সম্ভবত তাঁর স্বামী দেবরাজকে দেওয়া হতে পারে টিকিট।

তৃণমূল শিবিরে যোগ অদিতি মুন্সির। ফাইল ছবি

তবে হুগলির উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের টিকিট পাওয়ার সম্ভাবনা নাকি অত্যন্ত ক্ষীণ। অনেকেই বলছেন, বিধায়ক হলেও রাজনৈতিক ময়দানে নাকি তেমন দেখা যায় না তাঁকে। পরিবর্তে ব্যক্তিগত জীবন এবং অভিনয় নিয়ে বেশি ব্যস্ত থাকেন কাঞ্চন। ইতিপূর্বে বহুবার তাঁর নামে ওই এলাকায় 'নিখোঁজ' পোস্টারও দিয়েছেন স্থানীয়রা। সম্ভবত সে ক্ষোভ সামাল দিতে এবার আর ভোটে টিকিট না-ও পেতে পারেন।

কাঞ্চন মল্লিকের নামে 'নিখোঁজ' পোস্টার। ফাইল ছবি

আবার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির টিকিট ভাগ্যও তেমন প্রসন্ন নয় বলেই শোনা যাচ্ছে। যদিও চূড়ান্ত প্রার্থীতালিকা ঘোষণার আগে এখনই নিশ্চিত হওয়া অসম্ভব।

ঘাসফুল শিবিরে মনোজ তিওয়ারি। ফাইল ছবি

এদিকে, বিজেপির কাছে এবারের ভোট 'ডু অর ডাই' ম্যাচের মতো। কারণ, অতীতের একের পর এক নির্বাচনে মোটেও ভালো ফল করতে পারেনি বিজেপি। একে তো দক্ষ সংগঠকের অভাব। আবার তার উপর গোষ্ঠীদ্বন্দ্ব। দু'য়ে মিলে বঙ্গ বিজেপির অবস্থা অত্যন্ত সঙ্গীণ। এই পরিস্থিতিতে পদ্মশিবিরের প্রার্থী কারা হচ্ছেন, তা নিয়েও জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে, এবারও অগ্নিমিত্রা পলের উপর ভরসা রাখতে পারে গেরুয়া শিবির। যদিও নিজের বিধানসভা এলাকায় সম্প্রতি 'গো ব্য়াক' স্লোগান শুনতে হয়েছে তাঁকে।

ভোটপ্রচারে অগ্নিমিত্রা পল। ফাইল ছবি

তবে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকেই তিনি ভোটে লড়ার সুযোগ পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছে। রাজ্যসভার প্রার্থী হতে পারেন লকেট চট্টোপাধ্যায়। না হলে বিধানসভা ভোটের নাকি প্রার্থীর দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে প্রাক্তন টলিতারকা। 

বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে লকেট। ফাইল ছবি

আবার অশোক দিন্দাও নাকি টিকিট পেতে পারেন। দলীয় কর্মসূচি খুব বেশি সক্রিয় না হলেও এবার রুদ্রনীল ঘোষকেও ভোটে দাঁড় করাতে পারে বিজেপি।

বিজেপির দলীয় কর্মসূচিতে রুদ্রনীল ঘোষ। ফাইল ছবি

তবে বিধায়ক হলেও হিরণ চট্টোপাধ্যায়ের টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একে তো তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার অন্ত নেই। আবার তার উপর 'শাহী' টনিকে দিলীপ ঘোষের পুনরুত্থানে হিরণের জমি খানিকটা আলগা হয়েছে বলেই মত রাজনৈতিক কারবারিদের।

দ্বিতীয় বিয়ে বিতর্কে ব্যাকফুটে হিরণ। 'শাহী' টনিকে দিলীপের পুনরুত্থান। ফাইল ছবি

শোনা যাচ্ছে, এবার টেলি দুনিয়ার অতি পরিচিত এক মুখও ঘাসফুল শিবিরের টিকিট পেতে পারেন। তালিকায় আর কারা থাকছেন, তা এখনও স্পষ্ট নয়। এসআইআর পরবর্তী সময়ে বাংলার নির্বাচন এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই সময় যত গড়াচ্ছে, ততই যেন চড়ছে উত্তেজনার পারদ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement