একুশের মতো ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও (West Bengal Assembly Election 2026) আইএসএফের হাত ধরে সিপিএম লড়াইয়ে নেমেছে। কিন্তু সেই জোট কতটা পোক্ত, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। প্রার্থী অপছন্দের জেরে জোটসঙ্গীকে নিয়ে ঘোর অসন্তুষ্ট সিপিএম নেতৃত্ব। মূল সমস্যা ক্যানিং পূর্বে আইএসএফ প্রার্থী হিসেবে তৃণমূলের সদ্য প্রাক্তন 'তাজা নেতা' আরাবুল ইসলামকে নিয়ে। ওই আসনের প্রার্থীকে মেনে নিতে নারাজ মহম্মদ সেলিম, বিমান বসুরা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সিপিএমের রাজ্য সম্পাদক স্পষ্ট এনিয়ে অসন্তোষ প্রকাশ করে আইএসএফ-কে কার্যত 'আলটিমেটাম' দিলেন। জানালেন, নওশাদ সিদ্দিকির দলকে কিছুটা সময় দেওয়া হল। ক্যানিং পূর্বের প্রার্থী প্রত্যাহার না করলে সিপিএম আলাদা নিজেদের পছন্দমতো প্রার্থী দেবে। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেল, জোট কি ভেস্তে যাচ্ছে?
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেলিম বলেন, ‘‘যাকে পরাস্ত করতে লড়ছি, তাকেই বগলদাবা করব, তা হতে পারে না। এটা সুস্থ লক্ষণ নয়। এটা মেনে নেওয়া হবে না। কোনও দুষ্ট, দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে সংস্রব রাখে না সিপিএম। দলে দু,একটা পোকা থাকলে তা দূরে ফেলে দিতে হয়।’’
সোমবার আইএসএফ ক্যানিং পূর্ব আসনে সদ্য দলবদলকারী আরাবুল ইসলামকে প্রার্থী করার পর থেকেই জোটে নতুন জট দেখা গিয়েছিল। একদা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সমর্থন করতে নারাজ ছিল সিপিএম। ফলে এনিয়ে প্রভূত সমস্যা তৈরি হয়। দক্ষিণ ২৪ পরগনার জেলা সিপিএমের পার্টি অফিস থেকে স্পষ্ট বার্তা গিয়েছিল, ক্যানিং পূর্বে প্রার্থী বদল না করলে তারা বয়কট করবে। বৃহস্পতিবার সেই একই বার্তা স্পষ্ট করে দিলেন মহম্মদ সেলিম। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেলিম বলেন, ‘‘যাকে পরাস্ত করতে লড়ছি, তাকেই বগলদাবা করব, তা হতে পারে না। এটা সুস্থ লক্ষণ নয়। এটা মেনে নেওয়া হবে না। কোনও দুষ্ট, দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে সংস্রব রাখে না সিপিএম। দলে দু,একটা পোকা থাকলে তা দূরে ফেলে দিতে হয়।’’
এসব কথাই যে আরাবুলের উদ্দেশে বলা, তা বুঝতে বাকি থাকে না কারও। সেলিম পরোক্ষে এও জানান, আইএসএফের প্রার্থীকে অনুমোদন করছে না বামফ্রন্ট ও সিপিএম। ওই প্রার্থী বদল না হলে ক্যানিং পূর্ব আসনে আইএসএফের বিরুদ্ধে লড়াইয়ে নামবে সিপিএম। প্রকাশ্যে সেলিমের এই অসন্তোষের পর আইএসএফের এখন 'শ্যাম রাখি না কূল রাখি' দশা। এখন দেখার, ছাব্বিশে সিপিএম-আইএসএফ জোট আদৌ থাকছে কি না। এদিকে, চতুর্থ দফায় সিপিএম আজ ৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছে -
- জঙ্গিপুর - অলোককুমার দাস
- রঘুনাথগঞ্জ - আবুল হাসনাত
- নাকাশিপাড়া - শুক্লা সাহা
- রানাঘাট উত্তর-পশ্চিম - দেবাশিস চক্রবর্তী
- রানাঘাট উত্তর-পূর্ব - মৃণাল বিশ্বাস
- এগরা - সুব্রত পান্ডা
- ময়ূরেশ্বর - জয়ন্ত ভাল্লা
