shono
Advertisement
Bengal Election 2026

কেন্দ্রে কত বুথ জানেনই না, জ্ঞানেশের সঙ্গে বিতণ্ডা! অপসারিত কোচবিহার দক্ষিণের পর্যবেক্ষক

অনুরাগের এই ভূমিকায় চটে যান জ্ঞানেশ। বৈঠকের মধ্যেই তাঁকে কাজ ছেড়ে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেন তিনি।
Published By: Jaba SenPosted: 01:45 PM Apr 08, 2026Updated: 03:03 PM Apr 08, 2026

নিজের কেন্দ্রে কত বুথ তা বলতে গিয়ে তোতলালেন কোচবিহার দক্ষিণের সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে এই বিষয়ে প্রশ্ন করতেই ঘাবড়ে যান তিনি। বেশ কিছুক্ষণ পরে বলেন, কোচবিহার দক্ষিণে ১২৫টি বুথ রয়েছে। অনুরাগের এই ভূমিকায় চটে যান জ্ঞানেশ। বৈঠকের মধ্যেই তাঁকে কাজ ছেড়ে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। এই অপমানের পালটা জবাব দেন অনুরাগ যাদব। 

Advertisement

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের প্রত্যেকটিতে একজন করে সাধারণ পর্যবেক্ষক মোতায়েন করেছে কমিশন। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা ভোটের জন্য যাঁদের অবজারভার করা হয়েছিল, তাঁদের সঙ্গে বুধবার ভার্চুয়াল বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকে জ্ঞানেশ কুমার কোচবিহার দক্ষিণের সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদবকে আচমকা প্রশ্ন করেন, "আপনার কেন্দ্রে কতগুলি বুথ রয়েছে।" প্রশ্ন শুনে অনুরাগ প্রথমে কিছুটা ঘাবড়ে যান। তোতলাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ পরে উত্তর দেন, তাঁর কেন্দ্রে ১২৫টি বুথ রয়েছে। অনুরাগের এই ভূমিকায় চটে যান জ্ঞানেশ। বৈঠকে সকলের সামনেই মুখ্য নির্বাচন কমিশনার অনুরাগকে বলেন, কাজ ছেড়ে বাড়ি চলে যান ('গো ব্যাক টু হোম')। জ্ঞানেশের এই অপমান ভালোভাবে নেননি প্রবীণ এই আমলা।

জ্ঞানেশের এই মন্তব্যের পর বৈঠকে সকলের সামনেই অনুরাগ বলে ওঠেন, ‘২৫ বছর সার্ভিস করছি। আপনি এভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না’। এরপরই ভার্চুয়াল বৈঠকে কয়েক সেকেন্ডের জন্য সকলেই চুপ করে যান। জ্ঞানেশ কুমারও এ প্রসঙ্গে আর কোনও কথা বলেননি। কিছুক্ষণ পরে নিজেই অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করেন তিনি।

উল্লেখ্য, অনুরাগ সিনিয়র আইএএস অফিসার। তিনি একজন প্রবীণ আমলা। দুই রাজ্যে পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক চলাকালীন তাঁকে এভাবে অপমান ভালোভাবে নেননি তিনি। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেন অনুরাগ। এভাবে ভরা বৈঠকে নিজেরই নিয়োগ করা পর্যবেক্ষকের সঙ্গেই বিতণ্ডায় জড়ালেন জ্ঞানেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement