shono
Advertisement
West Bengal Assembly Election

রামনবমীর মঞ্চে শংকর, গৌতম দেবের মুখে 'জয় শ্রীরাম', ভোট আবহে 'মেটামরফোসিস' তৃণমূল প্রার্থীর?

শিলিগুড়িবাসীর মতে, শহর জুড়ে রামনবমীতে গৌতম দেবের এই মিছিল ও রামপূজা এই প্রথম।
Published By: Sucheta SenguptaPosted: 05:46 PM Mar 27, 2026Updated: 06:05 PM Mar 27, 2026

ভোট সত্যি বড় বালাই! 'ব্যালটের ব্যাটেল' জিততে মরিয়া সকলেই। যেনতেন প্রকারেণ প্রতিপক্ষকে ঘায়েল করতেই হবে। আর তাই প্রয়োজনে নিজের ধর্মপ্রীতি বদলে তা প্রকাশ্যে আনতেও কসুর করছেন না কেউ। যেমন শিলিগুড়ি শহরে এই প্রথম এখানকার মেয়র তথা তৃণমূল প্রার্থীকে রামনবমীর দিন অন্য রূপে দেখলেন স্থানীয় বাসিন্দারা। মাথায় ইয়াবড় হলুদ পাগড়ি, মুখে 'জয় শ্রীরাম' স্লোগান, রামপূজা করে সারা শহর পরিক্রমা করলেন তিনি। হিলকার্ট রোড ধরে যত রামনবমী পালনের মঞ্চ হয়েছিল, সবকটিতেই ঘুরে ঘুরে রামকে শ্রদ্ধা জানালেন। এমনকী বিজেপি জেলা সভাপতির সঙ্গে একমঞ্চে উঠে সংবর্ধনা গ্রহণ করলেন। তাঁর এমন রামভক্তি দেখে অনেকেই ফিসফাস করছেন, ভোটের আবহে এ কেমন 'মেটামরফোসিস'!

Advertisement

ছাব্বিশের ভোটে শিলিগুড়ি থেকে তৃণমূলের হয়ে লড়ছেন গৌতম দেব। আর বিজেপির সৈনিক বিদায়ী বিধায়ক শংকর ঘোষ। আগামী ২৩ এপ্রিল, প্রথম দফায় শিলিগুড়িতে ভোট। ফলে প্রচার এখন জোরকদমে। এর মাঝেই রামনবমী। আর এই ধর্মীয় উৎসবকে প্রচারকাজেও লাগাচ্ছেন প্রার্থীরা। দিকে দিকে এই ছবিটা স্বাভাবিক হলেও শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেবের 'রূপান্তর' সত্যিই চমকপ্রদ! সকাল সকালে রামের পুজো করে 'জয় শ্রীরাম' স্লোগান তুলে শহরের হিলকার্ট রোড, সেবক রোডে দিনভর মিছিল করেন তিনি। যেখানে যত রামনবমী পুজোর আয়োজন করা হয়েছে, তার প্রতিটি জায়গাতেই যান গৌতম দেব। রামকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ''রাম কারও একার নয়। আমরাও রামভক্ত। আজকের মতো পবিত্র দিনে প্রচারের আগে তাই রামের পুজো করলাম।''

শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অরুণ মণ্ডল। তিনি গৌতম দেবের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। উত্তরীয় পরিয়ে রামলালার একটি মূর্তি উপহার দেন। নিজস্ব ছবি

হিলকার্ট রোডের এক রামনবমী পুজোয় হাজির ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অরুণ মণ্ডল। তিনি গৌতম দেবের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। উত্তরীয় পরিয়ে রামলালার একটি মূর্তি উপহার দেন। এদিকে, অন্য একটি মঞ্চে ছিলেন গৌতম দেবের প্রতিপক্ষ, বিজেপি প্রার্থী শংকর ঘোষ। তাঁকে দেখে মঞ্চের নিচ থেকেই আরও জোরে স্লোগান তোলেন, 'জয় শ্রীরাম'। পরে শংকর ঘোষ বলেন, ''বিলম্বিত বোধোদয় বলতে পারব না। তবে এতদিনে উনি রামের শরণ নিলেন, তা দেখে ভালো লাগছে। ভোটের পরেও যেন উনি এভাবে রামনাম করেন, এই আশা রাখি।'' সবমিলিয়ে শিলিগুড়ির প্রচারযুদ্ধে রামনবমীর দিন তৃণমূলই বাজিমাত করল, তা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement