রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়ার আকাল জেলায়! সেজন্য বেশি পরিমাণে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করে বাড়ির সামনে রোদ শুকোতে দিয়েছিলেন এক ভাই। সেই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিবাদ হয়। বিবাদের মধ্যেই ওই ব্যক্তিকে বাঁশ দিয়ে আঘাত করে অন্যজন। ভাইয়ের হাতে 'খুন' হলেন আরেক ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানা এলাকায়। মৃতের নাম সুদ্ধধন মাঝি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যাসের সংকট থাকায় সুদ্ধধন মাঝির ভাই জ্বালানির কাঠ সংগ্রহ করেছিলেন। আজ, শুক্রবার সকালে জ্বালানির ওই কাঠ সালার থানার সালু এলাকায় বাড়ির সামনেই শুকোতে দিয়েছিলেন। সুদ্ধধন মাঝি ওই কাঠ বাড়ির সামনে থেকে সরানোর কথা বলেছিলেন। তাই নিয়েই দুই ভাইয়ের মধ্যে শুরু হয়ে যায় তুমুল বচসা। অভিযোগ, বিবাদ চলার সময়ই ওই ব্যক্তি ভাইকে বাঁশ দিয়ে সরোজে আঘাত করেছিলেন। গুরুতর জখম হয়ে সুদ্ধধন মাঝি লুটিয়ে পড়েছিলেন।
ঘটনা দেখে ছুটে যান পরিবারের লোকজন। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। কান্দি হাসপাতাকে নিয়ে যাওয়ার পরেও শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁকে বর্ধমানের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বর্ধমান যাওয়ার পথেই রাস্তায় মারা যান ওই ব্যক্তি!
ঘটনার পরই খবর দেওয়া হয়েছিল সালার থানায়। মৃত্যুর কথা জানার পরই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই হামলাকারী ওই ভাই পলাতক। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনায় পরিবারে শোকের ছায়া। প্রতিবেশীদের মধ্যেও ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
