আজ সোমবারই প্রকাশিত হতে চলেছে অতিরিক্ত নামের তালিকা (Supplementary Voter List)। তবে তা হবে রাত ৯টার পর। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত ২৯ লাখ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন তিনি। আর সেই নামগুলি কমিশনের প্রকাশিত প্রথম তালিকায় থাকবে। তবে এর মধ্যে কত নাম বাদ যাবে সে বিষয়ে এদিন স্পষ্ট কিছু জানাতে পারেননি মুখ্য নির্বাচন আধিকারিক। তাঁর কথায়, ''এই সংক্রান্ত সার্ভার দিল্লিতে। এই বিষয়ে কিছু জানা নেই।'' রাত ৯টার পর কমিশনের ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আরও বলেন, ''নিষ্পত্তির কাজের জন্য ৭০৫ জন বিচারক কাজ করছেন। প্রথম তালিকায় যতগুলি নাম ই-সাইন হয়ে আসবে, সবই নাম প্রকাশ করা হবে।'' তবে কতগুলি নাম 'ই-সাইন' হয়ে আসবে তা তাঁর জানা নেই বলেও এদিন জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে সূত্রের খবর, অর্ধেকের নাম নাকি 'ই-সাইন' হয়ে আসেনি। এই অবস্থায় রীতিমতো হিমশিম খাচ্ছে কমিশন। মনোজ আগরওয়ালের কথায়, কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় কাজ শেষ হয়ে গিয়েছে বলে শুনেছেন হাই কোর্টের একটি বৈঠকে গিয়ে। তবে এদিন যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে গিয়ে আবেদন জানাতে পারবেন। আর পুরো বিষয়টিই মুখ্যসচিব দেখছেন বলে জানিয়েছেন মনোজ আগরওয়াল।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আরও বলেন, ''নিষ্পত্তির কাজের জন্য ৭০৫ জন বিচারক কাজ করছেন। প্রথম তালিকায় যতগুলি নাম ই-সাইন হয়ে আসবে, সবই নাম প্রকাশ করা হবে।'' তবে কতগুলি নাম 'ই-সাইন' হয়ে আসবে তা তাঁর জানা নেই বলেও এদিন জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
বলে রাখা প্রয়োজন, ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করতে আজ সোমবারই মুখ্য সচিবকে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বাড়ি, অফিস-সহ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির আবেদন জানিয়ে এই চিঠি মুখ্যসচিবকে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রত্যেকটি জেলাতেই ট্রাইব্যুনাল গঠন করা হবে। এই ট্রাইব্যুনাল ২৩ জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত হয়েছে। রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ১৯ জন বিচারপতি। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন থাকা ৬০ লাখের নামের তালিকা ধাপে ধাপে প্রকাশের পরেই এই ট্রাইব্যুনাল গঠন করা হবে।
