চোট কাটিয়ে ট্র্যাকে ফেরার অপেক্ষায় নীরজ চোপড়া। তাঁকে শর্তসাপেক্ষে কমনওয়েলথ গেমসের জন্য ৩২ সদস্যের অ্যাথলেটিক্স দলে রাখা হয়েছে। রবিবার দল ঘোষণা করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। শর্তসাপেক্ষে নীরজকে দলে রাখা হয়েছে দেখে অনেকের প্রশ্ন, তাহলে কি মেগা ইভেন্টে নামার আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন তারকা?
সম্প্রতি জাতীয় ১০০ মিটার রেকর্ড নিয়ে একে অপরকে টক্কর দেওয়া স্প্রিন্টার গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুরের নেতৃত্বে শক্তিশালী দল গড়েছে ভারত। দলে রয়েছেন ডেকাথলিট তেজস্বিন শঙ্কর, শটপুটার তাজিন্দরপাল সিং তুর, হাই জাম্পার সর্বেশ কুশারে-সহ একাধিক অ্যাথলিট। চলতি বছর মে মাসে রাঁচিতে ফেডারেশন কাপে একাধিক ভারতীয় অ্যাথলিট জাতীয় রেকর্ড ভেঙে কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করেন। তবে পুরুষদের ৪x১০০ মিটার রিলে দলটি সুযোগ হারায়। বতসোয়ানায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড রিলেসে ব্যাটন বদলের সময় তৃতীয় লেগের অ্যাথলিট রাগুল কুমার পড়ে যাওয়ায় ভারতীয় দল ডিসকোয়ালিফাই হয়ে যায়। পরে হিট-৩-এ দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। সময় নেয় মাত্র ৩৭.০৭ সেকেন্ড। যদিও শেষ পর্যন্ত শেষেই শেষ করতে হয় ভারতকে।
অন্যদিকে, জ্যাভলিন বিভাগে নির্ধারিত যোগ্যতা অর্জন করতে না পারায় অ্যাথলিটদের জন্য ১৩ জুন জলন্ধরে অতিরিক্ত ট্রায়ালের ব্যবস্থা করা হয়। সেখানে তরুণ রোহিত যাদব এবং যশবীর সিং ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করেন। তাঁরা ৮২.৬১ মিটারের যোগ্যতা মান অতিক্রম করেন। এএফআই সূত্রে জানা গিয়েছে, সুইজারল্যান্ডে চোট সারিয়ে উঠছেন নীরজ। গত বছর দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরনোর পর তিনি পিঠের চোটে ভুগছিলেন। যদিও ফেডারেশনের দাবি, নীরজ অনেকটাই সুস্থ। ১০ দিনের মধ্যে প্রতিযোগিতায় ফিরতে পারেন। কমনওয়েলথ গেমসের আগে তিনি প্রতিযোগিতায় অংশ নিয়ে যোগ্যতা অর্জনে পাশ করবেন বলে আশাবাদী ফেডারেশন।
আরও এক অ্যাথলিট সেলভা প্রভু পর্যবেক্ষণে রয়েছেন। যদিও তাঁকে কেন বিশেষ নজরে রাখা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। দল ঘোষণার আগের দিনই তিনি এনসিএএ আউটডোর চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। ট্রিপল জাম্পে ১৬.৯২ মিটার লাফিয়ে এএফআই নির্ধারিত ১৬.৮৯ মিটারের যোগ্যতা মান অতিক্রম করেন তিনি। এখন দেখার, গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটরা কেমন পারফরম্যান্স করেন।
