Advertisement
অরিজিতের পর প্লে ব্যাক ছাড়ছেন অভিজিৎ সাওয়ান্তও! 'বলিউডি কালচার' নিয়ে বিস্ফোরক গায়ক
ঠিক কী অভিযোগ গায়কের?
সম্প্রতি প্লে ব্যাক ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন অরিজিৎ সিং। তা নিয়ে এখনও চর্চা চলছে সর্বত্র। এবার তাঁকে কোন অবতারে দেখা যাবে তা নিয়ে উৎসুক অনুরাগীরা। এসবের মাঝেই অরিজিতের দেখানো পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন 'ইন্ডিয়ান আইডল'-এর প্রথম সিজনের চ্যাম্পিয়ন অভিজিৎ সাওয়ন্ত।
'ইন্ডিয়ান আইডল'-এর প্রথম সিজনের চ্যাম্পিয়ন অভিজিৎ সাওয়ন্ত। ২০০৫ সালে প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়েছিল তাঁর। তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে একটি হল 'আশিক বানায়া আপনা'র সিনেমার 'মার জওয়া, মিট জওয়া'। বেশ কিছু মরাঠি ছবিতেও গেয়েছেন তিনি।
এখানেই শেষ নয়। অভিনয়ও করেছেন অভিজিৎ। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত লটারি। পরবর্তীতে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সেই তারকা এবার সিনেমার জন্য গান গাওয়া ছাড়ার কথা ঘোষণা করলেন।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকেই এই সিদ্ধান্তের জন্য দায়ী করেছেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে এমন এক ব্যবস্থা তৈরি করা হয়েছে যাতে গায়করা কোনওভাবেই সিনেমার চেয়ে বড় না হয়ে উঠতে পারেন। ভারতীয় সিনেমায় প্লে ব্যাক করে গায়করা ন্যায্য অর্থ পান না।
তিনি আরও বলেন, বড় তারকার লিপে কণ্ঠ দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না উঠতি শিল্পীরা। বাধ্য হয়ে যা পারিশ্রমিক দেওয়া হয় তা-ই তাঁরা মেনে নেন। যা পরবর্তীতে নিজেদের জন্যই বিপজ্জনক হয়ে দাঁড়ায়।
অভিজিৎ আরও বলেন, "বলিউডে কণ্ঠশিল্পীরা এখনও সিনেমায় গাওয়া গানের জন্য স্বত্ব পান না। পশ্চিমে যাঁরা কাজ করেন, তাঁরা কয়েকটা গান বানিয়ে শুধু স্বত্ব থেকেই যা উপার্জন করেন তাতে বাকি জীবন কেটে যায়।"
Published By: Tiyasha SarkarPosted: 08:40 PM Feb 05, 2026Updated: 08:40 PM Feb 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
