Advertisement
'বলিউডে শুধুই পুরুষকেন্দ্রিক ছবি', কান মঞ্চে আক্ষেপ আলিয়ার! 'অ্যানিম্যাল স্বামীর কথাও বলুন', ধেয়ে এল কটাক্ষ
আলিয়া ভাটের কান-কাহন নিয়ে সরগরম সিনেদুনিয়া। ফ্রেঞ্চ রিভেরাঁর পদে পদে কেন বিতর্কে হোঁচট খাচ্ছেন?
'ভারতে শুধুই পুরুষকেন্দ্রিক ছবি তৈরি হয়', কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে আক্ষেপ আলিয়া ভাটের। ২০২৫ সালে ফ্রেঞ্চ রিভেরাঁ ডেবিউ। আর এবার ঐশ্বর্য রাই বচ্চনকে সরিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হিসেবে কানের লাল গালিচায় পৌঁছলেন কাপুরদের বউমা। কান কার্পেটে পা দিয়েই বিতর্ক উসকেছেন! এবার ভারতীয় সিনেমায় 'পুরুষকেন্দ্রিক কনটেন্ট' নিয়ে মন্তব্য করে ফের চর্চার শিরোনামে আলিয়া।
'হলিউড রিপোর্টার'কে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানান, "গোটা বিশ্বের সিনেমানচিত্রের দিকে তাকালে দেখি, 'বার্বি', 'উদারিং হাইটস' এবং 'দ্য ডেভিল ওয়ার্স প্রাডা'র মতো একাধিক নারীকেন্দ্রিক সিনেমা বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে। আমি নিশ্চিত যে এহেন ছবির সংখ্যা এখন আরও অনেক বেশি। নারীরাই হলে গিয়ে এই সিনেমাগুলো দেখেছেন, আর এখন সেগুলোই বিশাল 'হিট' বা সফল সিনেমায় পরিণত হয়েছে।" এরপরই ভারতীয় সিনেমার তুলনা টানেন নায়িকা।
আলিয়া ভাট বলেন, "কিন্তু ভারতের বক্স অফিসে পুরুষকেন্দ্রিক সিনেমারই রমরমা। ব্যবসার গ্রাফ দেখলেই সেটা স্পষ্ট হয়। আসলে আমাদের দেশে সিনেদর্শকদের ৭৫ শতাংশই পুরুষ। সেকথা মাথায় রেখেই সিনেমা তৈরির কথা প্রায়শ শোনা যায়। কিন্তু আমার প্রশ্ন, ভারত যদি কেবল পুরুষ দর্শকদের কথা ভেবেই সিনেমা বানায়, তবে নারীদের কী হবে?" কান কার্পেট থেকে আলিয়া ভাটের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই কটাক্ষের ঝড়।
হিন্দি-দক্ষিণী সিনেদুনিয়ার পর্দায় বর্তমানে ‘আলফা মেল’ ট্রেন্ডের রমরমা। ‘কবীর সিং’য়ের হাত ধরে শুরু করেছিলেন শাহিদ কাপুর। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে ‘অ্যানিম্যাল’ রণবীর কাপুর থেকে ‘ধুরন্ধর’ রণবীর সিংরা বক্স অফিসে বাজিমাত করেছেন। পর্দায় উগ্র পৌরষের দাপট নিয়ে সমাজ যতই চোখরাঙাক, দর্শকমহল যে এসব গল্প গপগপিয়ে গিলছে, বক্স অফিসের অঙ্কই তার প্রমাণ। কান মঞ্চে সেবিষয়েই আলোকপাত করেই বিতর্কে আলিয়া ভাট!
নিন্দুকরা আলিয়াকে মনে করিয়ে দিয়েছেন, 'ভারতীয় ছবিতে উগ্র পৌরুষের দাপটের কথা বলছেন কিংবা পুরুষকেন্দ্রিক সিনেমার কথাই যখন বলছেন তাহলে আপনার 'অ্যানিম্যাল' স্বামীর কথাও বলুন!' তেইশ সালে রণবীর কাপুরের 'আলফা মেল' অবতার নিন্দা-সমালোচনার ঝড় বইয়ে দিয়েছিল। সেসময়ে স্বামীর সিনেমার প্রচারে আলিয়া ব্যাটন ধরলেও পরবর্তীতে 'ধুরন্ধর' বন্ধু রণবীর সিংয়ের ছবির প্রশংসা করেননি! সেকথা মনে করিয়েই এবার নায়িকাকে 'দুমুখো' কটাক্ষ শুনতে হল।
নেটপাড়ার একাংশের মত, "আপনি কি বেছে বেছে সিনেমার প্রশংসা করেন? 'অ্যানিম্যাল' হোক বা 'ধুরন্ধর' দুটোই তো পুরুষকেন্দ্রিক সিনেমা। তাহলে শুধু 'অ্যানিম্যাল'-এর গুনগাণ গেয়েছিলেন কেন? এখন কান-এ গিয়ে ভারতীয় ছবিতে পুরুষদের দাপটের কথা বলছেন!" আলিয়া অবশ্য নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন।
সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট করে বলেন যে, "আমি বলছি না, গল্প থেকে পুরুষ চরিত্রগুলিকে ছেঁটে ফেলা হোক, কিন্তু আমার প্রশ্ন, নারী-পুরুষ উভয়েই সিনেমার গল্পে সমান গুরুত্ব পাবে না কেন?" একথা অস্বীকার করার নয় যে, ভারতে বহু নারীকেন্দ্রিক সিনেমা হলেও সেগুলি বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি। কারণ ভারতীয়রা বরাবর 'হিরোগিরি', অ্যাকশন-রোম্যান্স দেখতে পছন্দ করেছেন। যেখানে 'নায়িকা'দের শুধুই রোম্যান্সের 'প্রপস' হিসেবে দেখানো হত।
কিন্তু বর্তমানে ট্রেন্ড বদলেছে। নারীরাও এখন ক্যামেরার সামনে পাল্লা দিয়ে তুখড় অ্যাকশন সিকোয়েন্সের শট দিতে অভ্যস্ত। কিন্তু ভারতীয় দর্শকমহলের মজ্জায় সেগুলি কতটা ঠাঁই পাচ্ছে? সেটা কিন্তু ভেবে দেখার। আর সেটা ভাবতে বাধ্য করছে নারীকেন্দ্রিক ছবির ব্যবসার গ্রাফই। কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সেকথা তুলে ধরেই কটাক্ষের শিকার আলিয়া ভাট।
এদিকে ৭৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে নিত্যদিন ফ্যাশনিস্তা অবতারে নেটভুবনের হুঁশ ওড়াচ্ছেন আলিয়া ভাট। কখনও প্যাস্টেল শেডের গাউনে প্রিন্সেস অবতারে ধরা দিয়েছেন তো কখনও বা আবার ক্রিম রঙের কাঁধখোলা লং গাউনে মোহময়ী রূপে কান কার্পেটে দ্যুতি ছড়িয়েছেন। কিন্তু এসব নিয়েও বিস্তর ফিসফাস সিনেপাড়ায়। কানাঘুষো, হলিউডি পাপারাজ্জিরা নাকি লাল গালিচায় আলিয়াকে দেখে তেমন আমলই দেননি!
কান কার্পেটে ঐষ্বর্যর পরিবর্তে আলিয়া ভাটকে দেখেও বেজায় ক্ষিপ্ত দর্শক, অনুরাগীমহলের একাংশ। কারও কটাক্ষ, ‘আপনি ঐশ্বর্যর কাজও কেড়ে নিলেন?’ কেউ বললেন, ‘ঐশ্বর্য রাই বচ্চনের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের পরিবর্তে আলিয়াকে কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না।’ আবার কেউ বা আলিয়ার কাছে প্রশ্ন রেখেছেন, ‘ঐশ্বর্যকে আপনার এত হিংসে?’ অতঃপর ফ্রেঞ্চ রিভেরাঁর পদে পদে আলিয়া যে বিতর্কে হোঁচট খাচ্ছেন, তা বলাই বাহুল্য।
তবে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। এক দশকের কেরিয়ারে বহু ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার পেয়েছেন। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। এবার আলিয়া ভাটের কান-কাহন নিয়ে সরগরম সিনেদুনিয়া। (ছবি- সংগৃহীত)
Published By: Sandipta BhanjaPosted: 05:43 PM May 13, 2026Updated: 05:43 PM May 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
