Advertisement
বিদেশযাত্রা কাটছাঁটের আর্জি মোদির, ঘুরে আসুন ভারতের সুইজারল্যান্ড, মালদ্বীপে!
মনখারাপ করার কিছু নেই। এদেশে রয়েছে অপরূপ সব ট্যুরিস্ট স্পট!
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে, তা চলে এসেছে ভারতের দুয়ারেও। এই পরিস্থিতিতে রবিবার দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার মধ্যে রয়েছে বিদেশযাত্রা কিংবা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনা আপাতত কাটছাঁট করার আর্জিও। এতে মনখারাপ করার কিছু নেই। ঘুরে আসুন ভারতের সুইজারল্যান্ড, মালদ্বীপ, ভেনিসে!
গুলমার্গ ও আউলিকে বলা হয় 'ভারতের সুইজারল্যান্ড'। তুষারপাত, বরফে ঢাকা গাছপালা, তুষারাবৃত পর্বত, আরামদায়ক কটেজ, গরম কোকোর সান্নিধ্য... কী নেই! আবার গ্রীষ্মকালে অপরূপ সবুজে ভরে ওঠে চারপাশ। সঙ্গে ছোট ছোট ঝর্ণা, রঙিন ফুল আর চারদিকে পাখির কলরব। সবকিছু উপভোগ করতে করতে প্রকৃতির নিবিড় আশ্রয়ে মন ভরে উঠবে এক স্নিগ্ধ বিভায়।
প্রাচ্যের ভেনিস বলা হয় আলেপ্পিকে। এখানকার সমুদ্রসৈকত এবং কেরালার বিখ্যাত 'ব্যাকওয়াটার'— দেখলে মুগ্ধ হবেনই। ইতালির গন্ডোলার বদলে এখানে রয়েছে সুসজ্জিত হাউসবোট। এখানকার সৈকত অত্যন্ত পরিচ্ছন্ন। সূর্যাস্তের মনোরম দৃশ্যের জন্য বিশেষ জনপ্রিয়। সমুদ্রের বুকে প্রসারিত জেটিতে দাঁড়িয়ে তুলতে পারেন মনমতো সেলফি। আলেপ্পি থেকে ১০ কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনি পৌঁছে যাবেন মারারিকুলামের মারারি সমুদ্রসৈকতে।
ভেবেছিলেন এবার ফ্রান্সটা দেখে আসবেন। প্যারিসের অলিগলি ঘুরবেন। ঘোরার ফাঁকে তাজা ক্রোয়াসাঁ ও কফির স্বাদ নেবেন। সেই সুযোগ কিন্তু এদেশেই মিলবে। পুদুচেরি চলে যান। এখানকার 'ফ্রেঞ্চ কোয়ার্টার'-এর স্থাপত্যশৈলী দেখলে মনে হবে ইউরোপেই চলে এসেছেন। সমুদ্রসৈকতে ঘুরে বেড়ান। ধীরস্থির জীবনযাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। আবার খোলা আকাশের নিচে বসে খাবার দাবারের পসরা সাজিয়ে বসুন।
মালদ্বীপ যাবেন? খামোখা বেশি পয়সা খরচ করবেন কেন? বরং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হোক আপনার গন্তব্য। উপভোগ করুন নীল জলরাশি, রঙিন মাছ, ধবধবে সাদা সৈকত, সূর্যাস্তের এক অপূর্ব দৃশ্য। জল এতটাই স্বচ্ছ যে, মনে হবে যেন কৃত্রিম! বিশেষত রাধানগর সৈকতের বালি অত্যন্ত কোমল ও ধবধবে সাদা। এখানে আপনি স্কুবা ডাইভিং ও স্নরকেলিং উপভোগ করতে পারেন।
জানেন মরক্কো যেতে চাইলে এদেশের কোথায় গেলেই আপনার সাধ পূরণ হবে? মরক্কোর মতো রঙিন বাজার ও স্বপ্নিল প্রাচীন শহরগুলি আপনার প্রতীক্ষায়। কেবল যেতে হবে যোধপুরে। এখানকার জমজমাট বাজার, সরু অলিগলি, উজ্জ্বল রঙের বস্ত্রসামগ্রী এবং মশলার সুবাস আপনাকে এক প্রাচীন জগতে ফিরিয়ে নিয়ে যাবে। যোধপুরের প্রধান আকর্ষণগুলি হল মেহরানগড় দুর্গ, শ্বেতপাথরের জসবন্ত থাডা স্মৃতিসৌধ এবং বিলাসবহুল উমেদ ভবন প্রাসাদ।
আরিজোনার কলোরাডো নদী দেখার শখ এদেশেই মেটাতে হলে আপনার জন্য অপেক্ষা করছে অন্ধ্রের পেনার নদী। 'ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন' বলতে বোঝানো হয় অন্ধ্রপ্রদেশের গান্ডিকোটাকে। চুনাপাথরের পাহাড় কেটে তৈরি হওয়া এই গভীর গিরিখাত দেখলে মনে পড়বেই আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নকে। এখান থেকে সূর্যাস্ত দেখলে সেই অভিজ্ঞতা সারা জীবনের জন্য আপনার মনের মণিকোঠায় গেঁথে যাবে।
ঘরের কাছেই রয়েছে সুন্দরবন। সুদূর আমাজনে যাওয়ার শখ কিন্তু এখানে এসেই মেটাতে পারেন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আপনারই অপেক্ষায়। 'মিনি আমাজনে' আক্ষরিক অর্থেই 'জলে কুমির ডাঙায় বাঘ'! বিশেষ করে লঞ্চে বা নৌকায় সংকীর্ণ খালসদৃশ অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ার সময় বুক কেঁপে উঠবেই। প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলুন ভয়ংকর সুন্দরের সান্নিধ্যে।
Published By: Biswadip DeyPosted: 08:08 PM May 12, 2026Updated: 08:31 PM May 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
