Advertisement
'আমি অভিজাত বংশের নির্লজ্জ অভিনেতা...', বলছেন বোল্ড ঋ! 'মিস সেন'-এর সেনসেশনাল মন্তব্যে হইচই
"পিতৃতন্ত্র আর 'স্লাট শেমিং' করে ইন্ডাস্ট্রিটা ডুবে গিয়েছে", বিস্ফোরক ঋতুপর্ণা সেন।
ঋ সেন। টলিউডের ছকভাঙা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটপর্মেও তাঁর অবাধ বিচরণ। সিনেমা হোক বা সিরিজ, চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে কখনও পিছপা হননি। বরাবরই সাহসী ঋতুপর্ণা সেন।
প্রথমজীবনে মডেলিংকে কেরিয়ার হিসেবে বেছে নিলেও পরবর্তীতে টেলিদুনিয়ায় অভিনেত্রী হিসেবে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন ঋ সেন। 'তিথির অতিথি', 'এখানে আকাশ নীল' থেকে সাম্প্রতিককালে 'ত্রিনয়নী', 'ধ্রুবতারা', 'দুর্গা দুর্গেশ্বরী', 'জয় কালী কলকাত্তাওয়ালি', 'সাঝের বাতি'র মতো সিরিয়ালেও অভিনয় করেছেন।
বাংলার 'বিগ বস'-এও লাইমলাইট কাড়েন ঋ। 'তেপান্তরের মাঠে' নামে এক সিনেমায় প্রথম অভিনয়, তবে সেই ছবি আজ পর্যন্ত মুক্তির আলো দেখেনি! তবে পরবর্তীতে কৌশিক মুখোপাধ্যায় ওরফে 'কিউ'য়ের হাত ধরে 'গান্ডু', 'তাসের দেশ'. 'কসমিক সেক্স'-এ অভিনয় করে চর্চার শিরোনামে উঠে আসেন ঋতুপর্ণা সেন।
বলিউডেও অভিনয় করেছেন ঋ। ২০২৪ সালে মনোজ বাজপেয়ীর সঙ্গে 'ডেসপ্যাচ' ছবিতে অভিনয় করেছিলেন। তবে বর্তমানে সিনেমা-সিরিজের পর্দায় ঋ-কে ব্রাত্য বললেও অত্যুক্তি হয় না! ঠাকুরপুকুর কাণ্ডের জেরে 'ভিডিও বউমা' ধারাবাহিক থেকে বাদ পড়েন। তারপর আর কোনও প্রজেক্টে অভিনেত্রীকে দেখা যায়নি।
এবার সেনসেশনাল মন্তব্যের জেরে ফের চর্চার শিরোনামে 'মিস সেন'। ঋ বরাবরই স্পষ্টভাষী। সিনেমার চরিত্রের মতোই ব্যক্তিগতজীবনেও 'বোল্ড' মতামত দিতে তাঁর জুড়ি মেলা ভার! এবার নিজেকে 'অভিজাত বংশের নির্লজ্জ অভিনেতা' বলে দাবি করলেন অভিনেত্রী। কিন্তু কেন?
ঋ-এর মন্তব্য, "আমি অভিজাত বংশের সত্যিকারের নির্লজ্জ অভিনেতা। যে এমন সব সিনেমায় কাজ করেছে, যা এশিয়া-ইউরোপের কিছু খ্যাতনামা নির্লজ্জ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।" এখানেই অবশ্য থামেননি তিনি। রসিকতাচ্ছলে বোল্ড নায়িকার সংযোজন, "আমার সব নির্লজ্জ সিনেমা আপনারা নির্লজ্জভাবে নেটফ্লিক্স এবং জি ফাইভে দেখতে পারেন।"
গতবছর ঠাকুরপুকুর কাণ্ডে নাম জড়ানোয় আইনি জটিলতাও পোহাতে হয়েছিল নায়িকাকে। তবে সেসব অতীত হলেও ঋ-এর কাজের ভাঁড়ার এখন ফাঁকা! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক তথা পরিচালক কিউও আক্ষেপের সুরে বলেছেন, "ঋ-এর প্রতি সবার কৌতুহল শরীরেই আটকে আছে, এটাই দুঃখের।" সেই প্রেক্ষিতেই কি 'নির্লজ্জ পোস্ট'-এ হইচই ফেললেন নায়িকা? প্রশ্ন কৌতূহলীদের।
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঋ। যেখানে তিনি উল্লেখ করেছেন, "সেরা নির্লজ্জ পরিচালকদের সঙ্গে আরও নির্লজ্জ সিনেমায় নির্লজ্জভাবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি একজন অভিনেত্রী হিসেবে।" 'কসমিক সেক্স'-এর জন্য এশিয়ান অ্যান্ড আরব সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়া ঋ কি কাজের খিদে থেকেই এমন বিস্ফোরক পোস্ট করলেন?
পোস্টেই তার আভাস মিলেছে। মিস সেনের সংযোজন, "আমি অতীতেও ফাটিয়ে দিয়েছি এবং ভবিষ্যতেও দেব।" পাশাপাশি ‘কসমিক সেক্স’ এবং ‘গান্ডু’র মতো ছবিতে নগ্নতাতেও যে তিনি স্বচ্ছন্দ্যবোধ করেছেন, সেকথা উল্লেখ করতেও ভোলেননি অভিনেত্রী। সেখানেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
ঋ সেন বলছেন, "পিতৃতন্ত্র আর 'স্লাট শেমিং' করে ইন্ডাস্ট্রি তো ডুবে গিয়েছে। তাও এই লোকগুলোর লজ্জা নেই!" সেই প্রেক্ষিতেই কৌতূহলীদের অনুমান, 'কাজ না পেয়েই আসলে ক্ষোভ উগড়ে দিয়েছেন ঋতুপর্ণা।' শারীরিক ছুঁৎমার্গের উর্ধ্বে গিয়ে ঋ বরাবর চরিত্রকে জীবন্ত করে তুলেছেন পর্দায়, তবে দর্শকমনে হয়তো দাগ কেটেছে তাঁর শরীরী মাদকতা। ব্যাঙ্গাত্মক পোস্টে সেকথাই কি বোঝাতে চাইলেন ঋ? (ছবি- ফেসবুক)
Published By: Sandipta BhanjaPosted: 06:37 PM Mar 27, 2026Updated: 06:37 PM Mar 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
