Advertisement
সোনমের সমর্থনে একদিনের অনশন অতুল কুলকার্নির, স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অপর্ণা সেন
সোনম ওয়াংচুকের জন্য একদিনের অনশন পালন করছেন অভিনেতা অতুল কুলকার্নি। রাষ্ট্রনায়কের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেলেব মহলের একাংশ।
১৯ দিন একটানা অনশন সোনম ওয়াংচুকের। শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। দ্রুত খাবার খাওয়ানো না গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। অথচ দিল্লির বিন্দুমাত্র উদ্বেগ দেখায়নি কেন্দ্র। তাঁর পরিস্থিতি কী, শারীরিক অবস্থা কেমন, নিয়মিত সেই খোঁজটাও নেওয়া হয় না। যা নিয়ে এবার উষ্মাপ্রকাশ করল দিল্লি হাই কোর্ট। অন্যদিকে সোনমের লড়াইকে সম্মান জানাতে ১৬ জুলাই রথযাত্রার দিন একদিনর উপবাস পালন করছেন অভিনেতা অতুল কুলকার্নি।
ভিডিওবার্তায় কী বললেন 'রং দে বসন্তী' খ্যাত অভিনেতা? অনশনের কারণ বাতলে বলেন, "হ্যালো, আমি অতুল কুলকার্নি। ১৬ জুলাই আমি আমার বাড়িতেই একদিনের উপবাস পালন করব। প্রথম কারণ, সোনমজি ও তাঁর সঙ্গীরা যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তার সঙ্গে নিজেকে যুক্ত করতে চাই। দ্বিতীয়ত, সরকারের কাছে অনুরোধ তাঁরা এই কঠিন পরিস্থিতিতে একটু সংবেদনশীল ও সহমর্মিতা প্রদর্শন করুক।"
সোনম ওয়াংচুকের সিদ্ধান্তকে স্যালুট করে পরিচালক অনুরাগ কাশ্যপের বক্তব্য, "একটা সময় অনশন বিষয়টা সত্যিই একটা গভীর অর্থ বহন করত। কিন্তু, সাম্প্রতিক পরিস্থিতিতে রাষ্ট্রের এই উদাসীনতা খুবই উদ্বেগজনক। সোনম ওয়াংচুক যা করছেন তার জন্য সত্যের প্রতি অটল বিশ্বাস এবং ন্যায়বিচারের জন্য আপসহীন সাহস প্রয়োজন। স্বীকার করতে দ্বিধা নেই, আমি ওঁর মতো সাহসী নই।"
বলিউডের পাশাপাশি সোনমের জন্য উদ্বিগ্ন টলিপাড়াও। সোনমের ১৭ দিনের অনশনে সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন। সাহসকে সাধুবাদ জানিয়ে মানবজাতির উদ্দেশে তাঁর প্রশ্ন, "সতেরো দিন ধরে অনশন করছেন। ওঁর অদম্য জেদ-সাহসকে স্যালুট। কিন্তু, আমরা ওকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেব?"
টলিগঞ্জের স্টুডিওপাড়ার পরিচিত মুখ ঋদ্ধি সেন স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত। সোনম ওয়াংচুর একটানা অনশনে দেশনায়কের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কড়া সুরে লিখেছেন, "দুই সপ্তাহের অধিক যে মানুষটা খাদ্যদ্রব্য স্পর্শ না করে দেশের জন্য খালি পেটে স্বপ্ন দেখছে তার জন্য আমাদের দেশনায়কের মেলোডি ভর্তি ঠোঙা ফাঁকা। সমাজকে বিষমুক্ত করতে বিষোদ্গার না করে বিষ পান করছেন নিজেই।তা সত্ত্বেও সরকারের দেখা মেলে না।"
যন্তর মন্তরে সোনমের সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। অতঃপর সমাজমাধ্যমে তাঁর প্রতিক্রিয়া, 'অবিরাম-অক্লান্ত লড়াইকে সম্মান জানিয়ে সকলের উদ্দেশে স্বরা লিখেছেন, ‘আপনি অপ্রতিরোধ্য-অদম্য সোনম ওয়াংচুক স্যার। আপনাদের সন্তানের জন্য ভবিষ্যতের জন্য লড়াই করছেন। ওঁর প্রতি পূর্ণ সংহতি ও কৃতজ্ঞতা।’
শাবানা আজমির অনুরোধ, ‘আপনার মতো মানুষকে দেশের প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সত্যের পক্ষে। আপনাকে নিয়ে আমরা গর্বিত। তাই আন্তরিক অনুরোধ, অনশন ভঙ্গ করুন। কারণ আপনার দিকনির্দেশনা ও প্রেরণা শিক্ষার্থীদের সাহস ও আত্মবিশ্বাস বাড়ায়। এখনও অনেক লড়াই বাকি। তাই আপনার সুস্থ হয়ে ওঠা অত্যন্ত জরুরি। আমরা আপনার পাশে আছি।’
মহেশপত্নী সোনি রাজদান উদ্বেগ জানিয়ে লেখেন, 'আপনার সুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি। এভাবে আমাদের ছেড়ে মৃত্যুমুখে ঢলে পড়বেন না। ভবিষ্যতে লড়াইয়ের জন্য আপনাকে চাই। দয়া করে এই অনশন ভক্ত করুন।' জিনাত আমন সোনমের অনশন ভঙ্গতে সরকারের হস্তক্ষেপের আবেদন করেছেন। ১৭ দিনের অনশনের মুহূর্তে সমাজমাধ্যম পোস্টে কী প্রতিক্রিয়া এই প্রবীণ অভিনেত্রীর?
জিনাতের কথায়, 'আজ আমার ভাবনা দেশের রাজধানী দিল্লি যেখানে অনির্দিষ্টকালের অনশন আজ ১৭তম দিনে পৌঁছেছে। একাধিক প্রতিদেবনে দেখলাম ওঁর শারীরিক অবনতি ঘটছে। অনশন ভাঙার অনুরোধ করলে একটাই কথা উত্তর দিচ্ছেন, আমাকে অনশন ভাঙতে বলবেন না। সরকার কেন আলোচনায় বসতে রাজি হচ্ছে না, সেই প্রশ্ন সরকারকে করুন। তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়ে ভারত সরকারের কাছে অনুরোধ, এই আলোচনায় দয়া করে বসুন।'
Published By: Kasturi KunduPosted: 04:43 PM Jul 16, 2026Updated: 05:19 PM Jul 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
