Advertisement
বাংলার বুকে এবার নতুন 'লর্ডস'! ডুমুরজলায় অত্যাধুনিক অ্যাকাডেমি গড়ছেন সৌরভ, দেখুন ছবি
দুর্ধর্ষ ক্রিকেটীয় পরিকাঠামোর জন্য যা যা দরকার, তার সবকিছুই থাকবে এখানে।
দূর থেকে দেখে কেউ বিলেতের কোনও মাঠ বলে ভুল করতে পারেন! আবার মনে হতে পারে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স। অনেকের আবার মনে হতে পারে লর্ডস। দোতলায় বিশাল একটা ব্যালকনি। যেখানে বসে ম্যাচ দেখা যাবে। ইডেনের মতো বিশাল মাঠ। আধুনিক ইন্ডোর।
সুইমিং পুল। জিম। ক্রিকেটারদের থাকার জন্য বাষাট্টিটা ঘর। চব্বিশ প্র্যাকটিস উইকেট। অডিটোরিম থেকে শুরু করে কনফারেন্স রুম, ক্যাফেটেরিয়া, রেস্তরাঁ থাকবে সবকিছুই। দুর্ধর্ষ ক্রিকেটীয় পরিকাঠামোর জন্য যা যা দরকার, তার সবকিছুই থাকবে।
বঙ্গ ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেকে প্রায়শই একটা কথা বলে থাকেন, অন্য রাজ্যগুলো বেশ কয়েকটা উন্নত মানের মাঠ থেকে শুরু করে জিম সব তৈরি করে ফেলেছে। এখানে ইডেন ছাড়া সেরকম সুবিধে কই! যেখানে সব ধরনের ক্রিকেটীয় পরিকাঠামো থাকবে। তবে সেই আফসোস এবার মিটতে চলেছে। কারণ ডুমুরজলাতে অত্যাধুনিক অ্যাকাডেমি করতে চলেছে সিএবি।
ডুমুরজলাতে প্রায় দশ একরের কাছাকাছি জমি নিয়েছে সিএবি। সেখানেই তৈরি হবে স্বপ্নের অ্যাকাডেমি। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্টের দায়িত্বে ফেরার পরই ঠিক করে নিয়েছিলেন, ডুমুরজলাতে উন্নত মানের অ্যাকাডেমি করবেন। সেখানে জমি পাওয়ার পর থেকেই পরিকল্পনা শুরু হয়ে যায়। পুরো নকশা একেবারে তৈরি।
শোনা গেল দ্রুত কাজ শুরু হয়ে যাবে। মুম্বইয়ের এক বিখ্যাত সংস্থাকে অ্যাকাডেমি তৈরির কাজের বরাত দেওয়া হয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সংস্কারের কাজও করেছে ওই সংস্থা। এছাড়া দেশের বিভিন্ন পাঁচতারা হোটেল তৈরি করেছে।
বেশ কিছুদিন ধরেই ওই সংস্থার সঙ্গে আলোচনা চলছিল সিএবির। তাদের প্রজেক্ট রিপোর্ট জমা দিতে বলা হয়। মাঠ কীরকম হবে, কীভাবে পুরোটা তৈরি হবে, তার সমস্ত ডিজাইন সিএবিকে জমা দিয়েছে তারা। যা শোনা গেল, সেটা সিএবি কর্তারাদের অতীব পছন্দ হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হয়ে যাবে। আশা করা হচ্ছে, আগামী দেড়-দু’বছরের মধ্যে পুরো অ্যাকাডেমি তৈরি হয়ে যাবে।
ওই অ্যাকাডেমি অনেকটা বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সলেসের মতো হবে। সেখানে রিহ্যাবের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। কোনও ক্রিকেটার চোট-আঘাত সমস্যায় পড়লে ওই অ্যাকাডেমিতেই রিহ্যাব করতে পারবেন। রিকভারির জন্য বিশেষ একটা রুম থাকবে। থাকবে কনফারেন্স রুম, যেখানে টিমগুলো মিটিং করতে পারবে। থাকবে অত্যাধুনিক অডিটোরিয়াম।
সিএবি'র বিভিন্ন অনুষ্ঠান ওই অডিটোরিয়ামে হতে পারে। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স যেমন, ডুমুরজলাতেও ঠিক সেটাই করতে চলছে সিএবি।
সিএবি সূত্রে যা জানা গেল, তাতে ইডেনের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট অর্থাৎ বোর্ডের অনেক ম্যাচ সেখানে হবে। শহর থেকে আধঘণ্টার দূরত্ব। ফলে যাতায়াতের কোনও সমস্যা নেই।
Published By: Prasenjit DuttaPosted: 08:11 PM Mar 29, 2026Updated: 08:11 PM Mar 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
