Advertisement
১৫৪ কিমি বেগে ঝড় আনকোরা অশোকের, আইপিএলে দ্রুততম বলের রেকর্ড তালিকায় ক'জন ভারতীয়?
শচীন তেণ্ডুলকরের গল্পের মতোই উত্থান গুজরাট জায়ান্টসের পেসার অশোক শর্মার।
উমরান মালিক, ময়ঙ্ক যাদবের পর আইপিএলে উত্থান আরও এক গতিদানবের। গুজরাট জায়ান্টসের তরুণ তুর্কি অশোক শর্মা বল করলেন ১৫৪.২ কিমি প্রতি ঘণ্টার গতিবেগে। যা এবারের আইপিএলের এখনও পর্যন্ত দ্রুততম বল। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ গতির বল কার?
কিন্তু ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বলের গতি তুললেই যেন সমস্যায় পড়েন ভারতীয় বোলাররা। আইপিএলে যাঁরা এখনও ১৫০ কিমির বেশি গতিতে বল করেছেন, তাঁরাও চোট-আঘাতের শিকার হয়েছেন। সমর্থকদের প্রার্থনা অশোক যেভাবে দুঃখ-কষ্ট সামলে উঠে এসেছেন, তাতে তিনি যেন বিপাকে না পড়েন।
আগে অশোকের জীবনের গল্প বলা যাক। তারপর আইপিএলের গতিতারকাদের গল্পে আসা যাবে। শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি বলের গতি তোলেন ১৫৪.২ কিমি প্রতি ঘণ্টা। ওই দ্রুতগতির বলটির লাইন-লেংথও ছিল বেশ ঈর্ষনীয়।
অশোকের নিক্ষেপ করা ওই গোলার মতো ইয়র্কার থেকে উইকেট বাঁচাতে কোনওমতে ব্যাট নামিয়ে ডিফেন্ড করলেন ধ্রুব জুরেল। কোনওক্রমে উইকেট বাঁচালেও তিনি বুঝতেই পারেননি বলটি গেল কোথায়।
শুধু ওই একটা নয়, অশোক ধারাবাহিকভাবে ১৪৫-১৫০ কিমি প্রতি ঘণ্টায় বোলিং করছেন এই আইপিএল। ২৩ বছরের এই যুবক তাঁর ৪ ওভারের স্পেলে তিনবার ১৫০ কিমি-র গণ্ডি ছাড়িয়ে বল করেন। শনিবার রাজস্থানের ওই প্রথম সারির ব্যাটিং বিভাগের বিরুদ্ধেও ৩৭ রান দিয়ে একটি উইকেট নেন।
অশোকের আইপিএল জার্নি সহজ ছিল না। এ বছরই আইপিএলে অভিষেক হয়েছে তাঁর। ২৩ বছরের ওই তরুণ এর আগে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ক্যাম্পে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি অশোক। এমনকী ক্রিকেট ছেড়ে চাষবাস করার কথাও ভাবে শুরু করেছিলেন তিনি।
অশোকের দাদা অক্ষয়ও ক্রিকেট খেলতেন। পরিবারের অনটন কাটাতে ভাইয়ের পাশে দাঁড়িয়ে অক্ষয় ক্রিকেট ছাড়েন। অশোক খেলা চালিয়ে যান। তারপর এ বছর গুজরাট টাইটান্স ৯০ লক্ষ টাকায় তাঁকে কেনে। মরশুমের শুরুতেই বেশ নজর কাড়ছেন তিনি। অশোক-অক্ষয়ের গল্পতে অনেকে শচীন তেণ্ডুলকর, অজিত তেণ্ডুলকরের গল্পের ছায়া দেখেন।
অশোকের আগে দু'জন ভারতীয় আইপিএলে ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেছেন। তাঁরা হলেন উমরান মালিক ও ময়ঙ্ক যাদব। ২০২৪ সালের আইপিএলে সবাইকে চমকে দিয়েছিলেন ময়ঙ্ক। দু'বার ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করেছিলেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে তাঁর সর্বোচ্চ গতি ছিল ১৫৬.৭ কিমি প্রতি ঘণ্টা। আরেকটি ম্যাচে গতি ছিল ১৫৫.৮ কিমি প্রতি ঘণ্টা।
তবে আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি গতিতে বলের নজির রয়েছে উমরান মালিকের নামে। ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেছিলেন।
Published By: Arpan DasPosted: 08:14 PM Apr 05, 2026Updated: 08:14 PM Apr 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
